Published : 17 May 2026, 09:13 PM
অল্প বয়সেই যেভাবে দ্যুতি ছড়াচ্ছেন বৈভাব সুরিয়াভানশি, ছড়ি ঘোরাচ্ছেন বোলারদের ওপর, তাতে মুগ্ধ রাভি শাস্ত্রি। যত দ্রুত সম্ভব এই বিস্ফোরক ব্যাটসম্যানকে জাতীয় দলে দেখতে চান ভারতের সাবেক কোচ ও অলরাউন্ডার।
সাদা বলের ক্রিকেটে দুর্দান্ত ছন্দে আছেন সুরিয়াভানশি। এরই মধ্যে বেশ কিছু রেকর্ড নিজের করে নিয়েছেন ১৫ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান। তাকে ভারতের জাতীয় দলে নেওয়ার দাবি তুলেছেন সাবেক ক্রিকেটারদের অনেকেই। শাস্ত্রিও তাদের একজন।
গত বছরের আইপিএলে ৩৫ বলে সেঞ্চুরি করে ক্রিকেট বিশ্বে আলোড়ন ফেলে দেন সুরিয়াভানশি। নিজের প্রথম আইপিএল অভিযানে সাত ইনিংসে ২৫২ রান করেন তিনি ২০৬.৩৩ স্ট্রাইক রেটে।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সবশেষ আসরে ভারতের শিরোপা জয়ের পথে বড় অবদান রাখেন সুরিয়াভানশি। আসরে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে খেলেন ৮০ বলে ১৭৫ রানের বিধ্বংসী ইনিংস। আলো ছড়ান তিনি রাঞ্জি ট্রফি, ভিজায় হাজারে ট্রফিতেও।
চলমান আইপিএলেও চলছে সুরিয়াভানশির বিস্ময়-যাত্রা। এরই মধ্যে ১৫ বলের দুটি ফিফটি এবং ৩৬ বলের একটি সেঞ্চুরি উপহার দিয়েছেন তিনি। রোববারের ম্যাচের আগ পর্যন্ত ১২ ইনিংসে ২৩৭.৭৬ স্ট্রাইক রেটে রাজস্থান রয়্যালসের ওপেনার করেছেন ৪৪৭ রান।
অনেকে যেমন এখনই ভারত দলে সুরিয়াভানশিকে দেখতে চাইছেন, তেমনি কেউ কেউ তাকে আরও সময় দিতে বলছেন। আইসিসি রিভিউয়ে আলোচনার সময় শাস্ত্রি বলেন, আগামী মাসের আয়ারল্যান্ড সফরেই সুরিয়াভানশিকে খেলাতে পারে ভারত।
“অনেকেই জিজ্ঞাসা করবে, তার বয়স ১৫, ১৬ নাকি ১৪? আমি এসব গোনায় ধরি না। কেবল দেখি, এই মুহূর্তে সে কেমন ব্যাটিং করছে এবং তার চেয়ে দ্বিগুণ কিংবা আড়াই গুণ বেশি বয়সী বোলারদের সে কীভাবে অনায়াসে মোকাবেলা করছে। এসব তার কাছে কোনো ব্যাপারই না।”
“তাই আমার মনে হয়, সে খুবই ভালোভাবে (জাতীয় দলের) বিবেচনায় আছে। আর এখন যখন আয়ারল্যান্ড সফর (জুনে দুটি টি-টোয়েন্টি) এবং এই সবকিছু এখনই হচ্ছে, তাই আমি সরাসরি তার দিকেই নজর দিতাম।”
শাস্ত্রির মতে, টি-টোয়েন্টি সংস্করণে ভারতকে প্রতিনিধিত্ব করার সব সামর্থ্য আছে সুরিয়াভানশির।
“এটা নিশ্চিতভাবে বলতে পারি, যদি কোনো তরুণকে উৎসাহিত করতে চান এবং যত দ্রুত সম্ভব তাকে জাতীয় দলের কাঠামোর মধ্যে নিয়ে আসতে চান, তবে টি-টোয়েন্টি সংস্করণই তার জন্য সেরা জায়গা। আর সে (সুরিয়াভানশি) কোনো দিক থেকেই পিছিয়ে নেই।”
“বিশ্ব ক্রিকেটের বর্তমান প্রেক্ষাপটে এই ছেলেটি অনেক দলেই অনায়াসে জায়গা করে নিতে পারে। তারুণ্যের যে অদম্য তেজ, তার চোখে-মুখেই স্পষ্ট ফুটে ওঠে।”
ইংল্যান্ড সফর শুরুর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে বেলফাস্টে দুটি টি-টোয়েন্টি খেলবে ভারত। ম্যাচ দুটি হবে ২৬ ও ২৮ জুন।