Published : 17 Jul 2026, 07:10 PM
দারুণ শুরুর পরও একের পর এক উইকেট হারিয়ে কিছুটা থমকে গিয়ে রানের গতি। শেষ ওভারে যেন সব পুষিয়ে দিলেন মোহাম্মদ সাইফ উদ্দিন। একটি-দুটি নয়, ব্র্যাড ইভান্সের বোলিংয়ে ছক্কা মারলেন তিনি টানা চারটি! দারুণ এক ক্যামিও ইনিংসে জোড়া রেকর্ডে নাম লেখালেন বাংলাদেশের অলরাউন্ডার।
জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে সিরিজের ফেরার লড়াইয়ে শুক্রবার বুলাওয়ায়োতে শেষ দিকে নেমে ঝড় তোলেন সাইফ।
এক ওভারে চার ছক্কা বা টানা চার ছক্কা এখন টি-টোয়েন্টি ক্রিকেটে নিত্য দিনের ঘটনা। তবে বাংলাদেশ তো এখনও সেই বাস্তবতা থেকে অনেকটা পিছিয়ে। অবিশ্বাস্য হলেও সত্যি, এই প্রথম বাংলাদেশের কোনো ব্যাটসম্যান টানা চারটি ছক্কা মারতে পারলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে।
কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে সাইফ অপরাজিত থাকেন ১০ বলে ৩১ রান করে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে ২০ ছোঁয়া ইনিংসগুলোর মধ্যে সর্বোচ্চ স্ট্রাইক রেটের ইনিংস এটিই।
এর আগে রেকর্ডটি ছিল মোসাদ্দেক হোসেনের। ২০২২ সালে শ্রীলঙ্কার বিপক্ষে দুবাইয়ে ৯ বলে ২৪ রান করেছিলেন এই অলরাউন্ডার। স্ট্রাইক রেট ছিল ২৬৬.৬৬।
মানদণ্ড যদি হয় ৩০ ছোঁয়া রানের ইনিংস, তাহলে সাইফ ভেঙে দিয়েছেন ১৯ বছর পুরোনো রেকর্ড। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৫ বলে ৩৬ রানের ইনিংস খেলেছিলেন আফতাব আহমেদ। স্ট্রাইক রেট ছিল ২৫৭.১৪।
মানদণ্ড কমিয়ে যদি ধরা হয় দুই অঙ্ক ছোঁয়া ইনিংস, তাহলে সাইফের আজকের ইনিংসের চেয়ে বেশি স্ট্রাইক রেট আছে কেবল দুটি ইনিংসের।
এর একটি সাইফেরই। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাপুয়া নিউ গিনির বিপক্ষে মাস্কাটে ৬ বলে ১৯ করেছিলেন তিনি। স্ট্রাইক রেট ৩১৬.৬৬। এর ওপরে আছে মোহাম্মদ আশরাফুলের ৩ বলে ১০ রানের ইনিংস, স্ট্রাইক রেট ৩৩৩.৩৩। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি ছক্কা ও একটি চার মেরে আউট হয়ে যান তিনি।