২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

চোটে আফগান সিরিজ ‘শেষ’ ভারুনের

সাইড স্ট্রেইনের সমস্যায় ভুগছেন ভারতীয় স্পিনার।

চোটে আফগান সিরিজ ‘শেষ’ ভারুনের
ভারতীয় স্পিনার ভারুন চক্রবর্তী। ছবি: ইন্ডিয়ান ক্রিকেট টিম ফেইসবুক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Sep 2026, 09:39 PM

Updated : 19 Sep 2026, 02:25 PM

আফগানিস্তানের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের বাকি অংশে ভারুন চক্রবর্তীকে ‘পাবে না’ ভারত। আসন্ন এশিয়ান গেমসেও এই স্পিনারের খেলা নিয়ে জেগেছে অনিশ্চয়তা।

দিল্লিতে রোববার সিরিজের প্রথম ম্যাচে খেলেন ভারুন। ৭ উইকেটে জেতা ম্যাচে দারুণ বোলিং করেন তিনি। ৪ ওভারে স্রেফ ১৬ রান দিয়ে নেন একটি উইকেট।

ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের খবর, ম্যাচের পর সাইড স্ট্রেইনের কথা সংশ্লিষ্টদের জানান ৩৫ বছর বয়সী ভারুন। এরপর কোনো বিলম্ব না করে তাকে দল থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট। বেঙ্গালুরুর সেন্টার অব এক্সিলেন্সের মেডিকেল দলের সঙ্গে বুধবার দেখা করবেন তিনি। এরপর এশিয়ান গেমসে তার খেলা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এশিয়ান গেমসে অংশ নিতে আগামী শুক্রবার জাপানের উদ্দেশে দেশ ছাড়বে ভারত। চোট থেকে সেরে উঠতে খুব বেশি সময় হাতে নেই ভারুনের। তাই এশিয়ান গেমসে তার খেলা এখন অনিশ্চিত।

পেশির চোট কাটিয়ে ইংল্যান্ড সফর দিয়ে জাতীয় দলে ফেরেন ভারুন। সেখানে হ্যামস্ট্রিংয়ের চোট হানা দেয় তার শরীরে। প্রায় দুই মাস পুনর্বাসন প্রক্রিয়া শেষে আফগান সিরিজ দিয়ে আবার ফেরেন দলে। এবার নতুন চোটে পড়লেন এই ক্রিকেটার।

এখন পর্যন্ত ৪৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে ৭৫ উইকেট নিয়েছেন ভারুন। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারত দলের সদস্য ছিলেন তিনি।

আফগানিস্তান-ভারতের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি মঙ্গলবার ও বৃহস্পতিবার।

এশিয়ান গেমসে সরাসরি কোয়ার্টার-ফাইনালে খেলবে ভারত। তাই ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে তাদের অভিযান।