১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

আইপিএলের সাফল্য কোহলির কাছে ‘টেস্ট ক্রিকেটের পাঁচ ধাপ নিচে’

আইপিএল জিতে আবেগের উথালপাতাল ঢেউয়ের মধ্যেই ভিরাট কোহলি বললেন, গোটা ক্রিকেট বিশ্বে সম্মান পেতে হলে টেস্ট ক্রিকেটে ভালো করতে হবে।

আইপিএলের সাফল্য কোহলির কাছে ‘টেস্ট ক্রিকেটের পাঁচ ধাপ নিচে’
কোহলির আইপিএল জয়ের উল্লাস, তবে তার কাছে এগিয়ে টেস্টের সাফল্য। ছবি: আইপিএল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2025, 02:07 PM

Updated : 26 Aug 2026, 01:08 PM

বহু আকাঙ্ক্ষিত আইপিএল শিরোপা জয়ের পর ভিরাট কোহলির ক্যারিয়ারে অপূর্ণতা বলতে এটিই। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিততে না পারা। সেই ঘাটতি ঘোচার সুযোগও নেই। কিছু দিন আগেই টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন তিনি। টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা না পেলেও র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার স্বাদ পেয়েছেন, সাফল্য আছে আরও অনেক স্মরণীয় সিরিজ জয়ের। টেস্টের সেসব সাফল্যকে আইপিএল ট্রফির চেয়ে অনেক এগিয়ে রাখছেন কোহলি। 

ক্রিকেটীয় সংস্কৃতি, ঘরানা ও আবেদনে দুটি দুই মেরুর। আইপিএলের মঞ্চে তাই টেস্ট ক্রিকেটের তাই টেস্ট ক্রিকেটের আলোচনা অনেকটাই বেমানান। তবু সেই প্রসঙ্গ এলো কোহলির সৌজন্যে, বিপরীতমুখি দুই ঘরানা সাফল্যের একই বিন্দুতে মিলেছে যার ব্যাটে, দুটির দাবিই যিনি মিটিয়েছেন দারুণভাবে। 

আইপিএল চলার সময়ই আচমকা টেস্ট থেকে অবসর নিয়ে গোটা ক্রিকেট বিশ্বকে নাড়া দিয়েছেন কোহলি। আইপিএলের স্রোতে সেই আলোচনা অবশ্য একটু ভেসেই গিয়েছিল। ফাইনাল শেষে কোহলির সঙ্গে কথোপকথনে সেটি আবার তুলে আনলেন সঞ্চালক ম্যাথু হেইডেন। 

আইপিএল ফাইনাল জিতে কান্না-হাসি, স্মৃতি কাতরতা আর উচ্ছ্বাস, সব মিলিয়ে আবেগের উথালপাতাল ঢেউয়ে হাবুডুবু খাচ্ছিলেন কোহলি। কিন্তু টেস্ট ক্রিকেটের প্রসঙ্গ উঠতেই বেরিয়ে এলো তার ভেতরের টেস্ট সত্তা। তরুণদের প্রতি এই গ্রেটের পরামর্শ, ক্রিকেটের আঙিনায় সম্মান পেতে হলে টেস্টকে আপন করে নিতেই হবে। 

“আমার ক্যারিয়ারে সেরা মুহূর্তগুলোর একটি এটি (আইপিএল জয়)। তার পরও এটা টেস্ট ক্রিকেটের চেয়ে পাঁচ ধাপ নিচে। টেস্ট ক্রিকেটকে এতটাই মূল্য দেই আমি এবং এতটাই ভালোবাসি।”

“তরুণরা যারা উঠে আসছে, তাদের প্রতি তাগিদ থাকবে এই সংস্করণকে সম্মান করতে। কারণ, টেস্ট ক্রিকেটে যদি পারফর্ম করতে পারে কেউ, বিশ্বের যে কোনো জায়গায় গেলে, লোকে চোখে চোখ রেখে করমর্দন করে বলবে, ‘ওয়েল ডান, খেলাটা আপনি সত্যিই ভালোভাবে খেলেছেন।’ বিশ্ব ক্রিকেটে সম্মান আদায় করতে হলে টেস্ট ক্রিকেটকে আলিঙ্গন করতে হবে এবং হৃদয়-আত্মা উজাড় করে এখানে খেলতে হবে।”