মেলবোর্নে অভিষেক হচ্ছে কনস্টাসের, হেডকে নিয়ে শঙ্কা
তবে বিস্ফোরক ব্যাটসম্যান হেডকে পাওয়ার আশা ছাড়ছেন না অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।
ভারতের বিপক্ষে বক্সিং ডে টেস্টের একাদশে স্যাম কনস্টাসের জায়গা পাওয়া অনুমিতই ছিল। ম্যাচের দুই দিন আগে সেটা নিশ্চিত করলেন অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। বোর্ডার-গাভাস্কার ট্রফির আসছে লড়াইয়ে ট্রাভিস হেডকে পাওয়া নিয়ে জেগেছে শঙ্কা। তবে বিস্ফোরক ব্যাটসম্যানকে পাওয়ার আশা ছাড়ছেন না অস্ট্রেলিয়ার কোচ।
মেলবোর্নে আগামী বৃহস্পতিবার শুরু হবে দুই দলের চতুর্থ টেস্ট। মঙ্গলবার অনুশীলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ম্যাকডোনাল্ড নিশ্চিত করেন, অস্ট্রেলিয়ার নির্বাচকরা এরই মধ্যে কনস্টাসকে সুসংবাদটি জানিয়েছেন।
“সে (কনস্টাস) দেখিয়েছে, সুশৃঙ্খল শটের পরিধি ও প্রতিপক্ষকে চাপে ফেলার ক্ষমতা। আর সে তার (প্রাপ্য) সুযোগটি পেয়েছি। আমরা তার জন্য সত্যিই উচ্ছ্বসিত।”
সুযোগ কাজে লাগাতে না পেরে বাদ পড়া ন্যাথান ম্যাকসুয়েনির জায়গায় দলে এসেই একাদশে জায়গা পেলেন কনস্টাস। অস্ট্রেলিয়া চতুর্থ কনিষ্ঠ ক্রিকেটার হিসেবে অভিষেক হতে যাচ্ছে তার। ১৯ বছর ৮৫ দিন বয়সে ম্যাচটি খেলতে নামবেন তিনি। কনস্টাসের চেয়ে কম বয়সে টেস্ট অভিষেক হয়েছে ইয়ান ক্রেইগ, অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক প্যাট কামিন্স ও টম গ্যারেটের।
চোট পেয়ে জশ হেইজেলউড ছিটকে পড়ায় একাদশে আরেকটি পরিবর্তনও অবধারিত। ম্যাকডোনাল্ড নিশ্চিত করেছেন, মেলবোর্নে হেইজেলউডের জায়গায় খেলবেন স্কট বোল্যান্ড।
একাদশে আর কোনো পরিবর্তন আসবে কিনা, সেটা বুধবার সংবাদ সম্মেলনে জানাবেন অধিনায়ক কামিন্স।
জাসপ্রিত বুমরাহর সামনে রীতিমতো নাস্তানাবুদ হন ম্যাকসুয়েনি। তিন টেস্টে চারবার আউট হন ভারতের অভিজ্ঞ পেসারের বলে। ছয় ইনিংসে ১৪.৪০ গড় ও ৩৩.৯৬ স্ট্রাইক রেটে কেবল ৭২ রান করতে পারেন ২৫ বছর বয়সী ব্যাটসম্যান। এমন পারফরম্যান্সের পর শেষ পর্যন্ত তাকে বাদ দিয়ে তরুণ প্রতিভা কনস্টাসকে দলে ডাকে অস্ট্রেলিয়া।
মূলত বুমরাহকে সামলানোর চ্যালেঞ্জেই তাকে বেছে নিয়েছে স্বাগতিকরা। কনস্টাসও মুখিয়ে আছেন প্রতিপক্ষের সেরা বোলারের সামনে নিজেকে মেলে ধরতে। সেই সুযোগটা পেয়েই গেলেন তিনি।
ব্রিজবেনে ড্র হওয়া টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের সময় পেশিতে টান লাগে হেডের। পরে ফিল্ডিংয়ে নামেননি তিনি। এখনও শতভাগ ফিট হয়ে উঠতে পারেননি বৃষ্টিবিঘ্নিত ওই ম্যাচের প্রথম ইনিংসে ১৫২ রান করা বাঁহাতি ব্যাটসম্যান।
সামান্য রানিং এবং আউটফিল্ডে কিছু ফিল্ডিং করার পরে মঙ্গলবার নেটে অল্প সময়ের জন্য ব্যাটিং করেন হেড। আগের দিনের ঐচ্ছিক অনুশীলনে কিছুই করেননি তিনি। সব মিলিয়ে তাকে নিয়ে কিছুটা দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া।
দুই দলের পাঁচ টেস্টের সিরিজটি এখন ১-১ সমতায়।
