স্টোকসের সিদ্ধান্তে ‘স্তম্ভিত’ ভন
ইংল্যান্ডের বর্তমান অধিনায়কের সিদ্ধান্ত দেখে সাবেক অধিনায়ক বলছেন, ‘মনে হচ্ছে ঐতিহ্য হাওয়ায় মিলিয়ে গেছে।”
টস জিতে বোলিং নেওয়া দল গোটা দিনে উইকেট নিতে পেরেছে স্রেফ তিনটি। ব্যাটিং পাওয়া দল ওভারপ্রতি চারের বেশি রান তুলে পেরিয়ে গেছে সাড়ে তিনশ। টসজয়ী অধিনায়কের সিদ্ধান্ত যে বুমেরাং হয়ে গেছে, তা তো বলার অপেক্ষা রাখে না! সেই সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন তুলেছেন মাইকেল ভন। ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকসের সিদ্ধান্তে চরম বিস্মিত সাবেক অধিনায়ক।
ভারতের বিপক্ষে হেডিংলি টেস্টে টস জিতে বোলিং নেন ইংল্যান্ড অধিনায়ক স্টোকস। ভিরাট কোহলি, রোহিত শার্মার বিদায়ের পর প্রথম টেস্টের প্রথম দিনে ভারতের তরুণ ব্যাটিং লাইন আপ ৮৫ ওভার খেলে রান তুলেছে ৩ উইকেটে ৩৫৯।
আগে বোলিং করে নতুন বলে কোনো সাফল্য আদায় করতে পারেনি ইংল্যান্ড। প্রথম উইকেটের দেখা পেতে লেগে যায় ২৫ ওভার। ৯১ রানের উদ্বোধনী জুটির পর লোকেশ রাহুল আউট হন ৪২ রানে। ১০১ রানে থামেন আরেক ওপেনার ইয়াসাসভি জয়সওয়াল।
টেস্ট নেতৃত্বের অভিষেকে ১২৭ রানে অপরাজিত থাকেন শুবমান গিল, ৬৫ রানে দিন শেষ করেন সহ-অধিনায়ক রিশাভ পান্ত।
ইংল্যান্ডের তিন বিশেষজ্ঞ পেসার ক্রিস ওকস, জশ টং ও ব্রাইডন কার্স মিলে ৫১ ওভার বল করে রান দিয়েছেন ওভারপ্রতি সাড়ে চারের বেশি, উইকেট নিয়েছেন স্রেফ একটি। অধিনায়ক স্টোকস শুধু ভালো বোলিং করে দুটি উইকেট নিতে পেরেছেন। অফ স্পিনার শোয়েব বাশির কোনো প্রভাব রাখতে পারেননি।
বিসিবি টেস্ট ম্যাচ স্পেশাল-এ আলাপচারিতায় ভন বললেন, স্টোকসের আগে বোলিংয়ের সিদ্ধান্ত তাকে প্রচণ্ড অবাক করেছে।
“আমি একটু পুরোনো ঘরানার ঐতিহ্যপ্রিয় মানুষ। এখানে লিডসে, যখন সূর্যের তেজ তীব্র থাকে, তখন সিদ্ধান্তটি আমার কাছে খুবই সহজ (আগে ব্যাটিং), বিশেষ করে টেস্ট ম্যাচের আগের সময়টায় যখন এতটা শুষ্ক ও দারুণ থাকে। আমি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম, যখন শুনলাম সে (স্টোকস) আগে বোলিং নিয়েছে। মনে হচ্ছিল, ঐতিহ্য বুঝি হাওয়ায় মিলিয়ে গেছে।”
এই মাঠে ২০১৯ অ্যাশেজে রান তাড়ায় স্মরণীয় এক জয় আছে ইংলান্ডের। রান তাড়ায় জয় আছে ২০২৩ অ্যাশেজ ও ২০২২ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষেও। স্টোকসের সিদ্ধান্তে প্রভাব রাখতে পারে সেই ম্যাচগুলোর স্মৃতি।
তবে ভনের মতে, অতীতের ছবি থেকে নয়, সিদ্ধান্ত নেওয়া উচিত বর্তমানের বাস্তবতা বুঝে।
“আমি জানি, ইংল্যান্ড এখানে রান তাড়ায় বেশ কিছু ম্যাচ জিতেছে সাম্প্রতিক বছরগুলোয়। তবে সিদ্ধান্ত সবসময় নিতে হয় বর্তমানে থেকে। এক বছর আগে বা দুই-তিন বছর আগে জিতেছে মানেই সেই সিদ্ধান্ত বর্তমানকে প্রভাবিত করতে পারে না। তরুণ এক ব্যাটিং লাইন-আপ ও নতুন অধিনায়কের ভারতীয় দলকে ওরা আরামে খেলার সুযোগ করে দিয়েছে।”
ইংল্যান্ডের পেস বোলিং পরামর্শক ও নিউ জিল্যান্ডের পেস গ্রেট টিম সাউদি দিনের খেলা শেষে ব্যাখ্যা করেন আগে বোলিংয়ের কারণ।
“গতকালকে উইকেটের রঙ যেমন ছিল এবং যেভাবে কিছুটা আর্দ্রতা ছিল উইকেটে, আমরা ভেবেছিলাম আজকে সকালেও কিছুটা রয়ে যাবে তা। শুরুতে কিছুটা সহায়তা ছিল বটে, তবে দিনের বাকি সময়টায় উইকেট বেশ ভালো ছিল (ব্যাটিংয়ের জন্য)।”
