Published : 12 Aug 2025, 11:38 PM
প্রথমবারের মতো সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি লিগ আইএল টি-টোয়েন্টিতে খেলার হাতছানি মুস্তাফিজুর রহমানের সামনে। বাংলাদেশের বাঁহাতি পেসারকে দলে নিয়েছে দুবাই ক্যাপিটালস।
ইংল্যান্ডের বাঁহাতি পেসার লুক উডের বদলি হিসেবে মুস্তাফিজকে দলে নেওয়ার কথা মঙ্গলবার সামাজিক মাধ্যমে জানিয়েছে আইএল টি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়নরা।
দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মধ্যে এর আগে আইপিএল, পিএসএল ও লঙ্কা প্রিমিয়ার লিগে খেলেছেন ২৯ বছর বয়সী মুস্তাফিজ।
টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত ২৮৯ ম্যাচে ৩৬২ উইকেট নিয়েছেন তিনি। ওভারপ্রতি রান দিয়েছেন ৭.৪৫ করে। ইনিংসে পাঁচ উইকেট পেয়েছেন চারবার।
আইএল টি-টোয়েন্টির চতুর্থ আসর শুরু হবে আগামী ২ ডিসেম্বর। ফাইনাল হবে আগামী বছরের ৪ জানুয়ারি। একই সময়ে বাংলাদেশে হতে পারে বিপিএল।