Published : 10 Jul 2026, 02:21 PM
আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠতে হবে। বিশ্বকাপ ফুটবলের সেমি-ফাইনালে জায়গা করে নিতে হবে। হ্যারি ব্রুকের ভাবনায় এখন এই দুটিই। প্রথমটি আছে তাদের হাতেই। সেজন্য হারাতে হবে ভারতকে। আরেকটিতে তারা দর্শক, আশা নিয়ে বসবেন টিভির সামনে। হ্যারি কেইনরা যেন হারাতে পারে নরওয়েকে!
ক্রিকেট ও ফুটবলে একই দিনে দুটি দারুণ অর্জনের হাতছানি এখন ইংল্যান্ডের সামনে। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটিতে সাউথ্যাম্পটনে শনিবার জিততে পারলেই এই সংস্করণের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে যা ব্রুকের দল। একই দিনে মায়ামিতে বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার-ফাইনালে নরওয়ের মুখোমুখি হবে ইংল্যান্ড।
ভারতের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করার পর বৃহস্পতিবার ব্রুক বললেন, জোড়া প্রাপ্তির অপেক্ষায় আছেন তারা।
“বিশ্ব র্যাঙ্কিংয়ের এক নম্বরে যাওয়া এবং ইংল্যান্ডের সেমি-ফাইনালে ওঠা, ব্যাপারটা বেশ দারুণ হবে। আমরা অবশ্যই ফুটবলের দিকে নিবিড় নজর রাখব এবং খেলাটি নিশ্চিতভাবেই দেখব।”
সাউথ্যাম্পটনে টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় দুপুর আড়াইটায়। ফুটবলের লড়াইটি শুরু রাত ১০টায়। নিজেদের কাজ শেষ করে ব্রুকরা তাই অনায়াসেই দেখতে পারবেন কেইনদের ম্যাচ।
ভারতের বিপক্ষে ম্যাচ ম্যাচের সিরিজটির প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর টানা তিনটি জিতে নিয়েছে ইংল্যান্ড। তাদের রেটিং পয়েন্ট এখন ২৬৭। শীর্ষে থাকা ভারতের পয়েন্ট ২৬৯।
এই সিরিজের ধারা অনুসরণ করলে শেষ ম্যাচেও ফেভারিট ইংলিশরাই। তবে টানা দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে কোনো কিছুই নিশ্চিত ধরে নিতে চান না ব্রুক।
“আমাদেরকে বলা হয়েছে যে পরের ম্যাচটা জিতলে আমরা র্যাঙ্কিংয়ের এক নম্বরে চলে যাব এবং এটা অবশ্যই এমন একটা পুরস্কার, যেদিকে আমাদের নজর আছে। ভারত শক্তিশালী দল। এই সিরিজে হয়তো তারা গত কয়েক বছরের মতো ততটা ভালো খেলেনি, কিন্তু আমরা যেভাবে আমাদের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করেছি, তাতে আমরা সত্যিই খুশি।
সত্যি বলতে, ভারতকে ৪-০ ব্যবধানে হারাতে পারলে সেটা হবে স্পেশাল এক সিরিজ জয়, আর বিশ্বের এক নম্বর হতে পারাটা হবে এর চেয়েও ভালো। এটাই আমাদের মূল লক্ষ্য: আমরা মাঠে নেমে আবারও তাদেরকে বড় ব্যবধানে হারানোর চেষ্টা করতে চাই। সাউথ্যাম্পটনে গিয়ে কন্ডিশন যতটা সম্ভব ভালোভাবে বুঝে নিতে হবে আমাদের, এই সিরিজে যে কাজটা বেশ ভালোভাবেই করেছি আমরা।”
ধারাবাহিক সাফল্যের পথ ধরেই র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার এত কাছে এখন ইংল্যান্ড। গত বছর ব্রুক এই সংস্করণের অধিনায়কত্ব পাওয়ার পর থেকে এখনও পর্যন্ত ২২ টি-টোয়েন্টি। গত মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালে মুম্বাইয়ের ওয়াংখেড়েতে ভারতের ২৫৩ রান তাড়ায় মাত্র সাত রানে হেরে যায় তারা। এবার ভারতকেই নাস্তানাবুদ করে ছাড়ল তারা। এটি তাদের টানা চতুর্থ সিরিজ জয়। অপরাজিত আছে তারা টানা ছয় সিরিজে।
সব মিলিয়ে দল লক্ষ্য পানে ছুটছে বলেই মনে করেন ব্রুক। আপাতত তিনি ভারতের বিপক্ষে সিরিজের শেষটা ভালো করতে চান।
“সত্যি বলতে, সাদা বলের দলটা বেশ ভালো পথেই আছে। আমরা অসাধারণ ক্রিকেট খেলছি। পিচ ও কন্ডিশনের সঙ্গে খুব ভালোভাবে মানিয়ে নিচ্ছি। বিশ্বকাপটাও ভালো কেটেছে আমাদের। ওয়াংখেড়েতে এক ম্যাচে আমরা ২৫০ রানের বেশি তাড়া করতে গিয়ে খুবই কাছাকাছি চলে গিয়েছিলাম, যা ছিল অবিশ্বাস্য।”
আমার মনে হয়, এই সিরিজটা (ইংলিশ ক্রিকেটের) আবহ কিছুটা বদলে দিয়েছে, কিন্তু আমাদের এখনও একটা ম্যাচ বাকি আছে। আশা করি, আমরা বিশ্বসেরা অবস্থানে যেতে পারব এবং খুবই শক্তিশালী ভারতীয় দলকে হারাতে পারব।”