জিম্বাবুয়ে-আফগানিস্তান
Published : 21 Oct 2025, 11:29 PM
আগের দিনের পঞ্চাশ ছোঁয়া ইনিংসকে আরও এগিয়ে নিলেন বেন কারান। চমৎকার ব্যাটিংয়ে উপহার দিলেন টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। সঙ্গে সিকান্দার রাজার ফিফটিতে বড় লিড পেল জিম্বাবুয়ে। স্বাগতিকদের দাপটের মাঝে রেকর্ড গড়া বোলিংয়ে অভিষেক রাঙালেন জিয়াউর রাহমান।
হারারেতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে জিম্বাবুয়ের প্রথম ইনিংস থামে ৩৫৯ রানে। প্রতিপক্ষকে প্রথম ইনিংসে ১২৭ রানে গুটিয়ে দেওয়া দলটি পায় ২৩২ রানের লিড।
পরে ব্যাটিংয়ে নেমে ১ উইকেটে ৩৪ রান করে দ্বিতীয় দিন শেষ করে আফগানিস্তান। এখনও ১৯৮ রানে পিছিয়ে আছে সফরকারীরা।
ক্যারিয়ারের অষ্টম টেস্টে এসে তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পেলেন দুই ইংলিশ ক্রিকেটার টম ও স্যাম কারানের ভাই বেন কারান। ২৫৬ বলে ১২১ রানের ইনিংস খেলতে ১৫টি চার মারেন জিম্বাবুয়ের ওপেনার। রাজার ব্যাট থেকে আসে ৭ চারে ৬৫ রান।
প্রথমবার টেস্ট খেলতে নেমে ৯৭ রান খরচায় ৭ উইকেট তুলে নেন পেসার জিয়াউর। এই সংস্করণে অভিষেকে আফগান কোনো ক্রিকেটারের যা সেরা বোলিং। দলটির হয়ে অভিষেকে পাঁচ উইকেটের স্বাদ পেয়েছেন আর কেবল দুইজন, আমির হামজা (৫/৭৪) ও নিজাত মাসুদ (৫/৭৯)।
জিম্বাবুয়ের বিপক্ষেও টেস্ট অভিষেকে সেরা বোলিংয়ের রেকর্ড এটি। আগের সেরা ছিল ইংলিশ পেসার রিচার্ড জনসনের ৩৩ রানে ৬ উইকেট।
নতুন দিনের প্রথম ঘণ্টায় দুই উইকেট হারিয়ে ফেলে জিম্বাবুয়ে। আগের দিনের ১৮ রানের সঙ্গে ১৪ রান যোগ করতেই জিয়াউরের বলে স্টাম্প হারান অভিজ্ঞ ব্রেন্ডান টেইলর। ক্রেইগ আরভাইনকে দুই অঙ্কে যেতে দেননি ইসমাত আলম।
সেই ধাক্কা জিম্বাবুয়ে সামলে ওঠে কারান ও রাজার জুটিতে। তাদের ব্যাটে ২১৪ রান করে প্রথম সেশন শেষ করে ২ উইকেটে ১৩০ রান নিয়ে দিন শুরু করা দলটি।
দ্রুত রান তোলায় মনোযোগ দেওয়া রাজা ৬৭ বলে ফিফটি স্পর্শ করেন। ৫২ রান নিয়ে খেলতে নামা কারান তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পান ২১৭ বলে।
পঞ্চাশের পর বেশিক্ষণ টিকতে পারেননি রাজা। ইসমাতের বলে কারান এলবিডব্লিউ হলে শেষ হয় দ্বিতীয় সেশনের খেলা। ততক্ষণে তিনশ ছাড়িয়ে যায় জিম্বাবুয়ের রান।
টানা দুই বলে টাফাডজোয়া সিগা ও রিচার্ড এনগারাভাকে ফিরিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন জিয়াউর। ব্লেসিং মুজারাবানির স্টাম্প ভাঙার পর টানাকা চিভাঙ্গাকে এলবিডব্লিউ করে জিম্বাবুয়ের ইনিংস গুটিয়ে দেন তিনি। ১ ছক্কা ও ৪টি চারে ৩৫ রানে অপরাজিত থাকেন ব্র্যাড ইভান্স।
বিশাল রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দফায় ব্যাটিংয়ে নেমে দলকে ভালো শুরু এনে দিতে পারেননি আব্দুল মালিক। তার বিদায়ের পর দিনের বাকি সময় দলকে আর উইকেট হারাতে দেননি ইব্রাহিম জাদরান (৩ চারে ২৫) ও রাহমানউল্লাহ গুরবাজ (৭)।
সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান ১ম ইনিংস: ১২৭
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ১০৩ ওভারে ৩৫৯ (আগের দিন ১৩০/২) (কারান ১২১, টেইলর ৩২, আরভাইন ৫, রাজা ৬৫, সিগা ১৭, ইভান্স ৩৫*, এনগারাভা ০, মুজারাবানি ৫, চিভাঙ্গা ৫; ইয়ামিন ২৪-৭-৬২-০, জিয়াউর ৩২-৪-৯৭-৭, আশরাফ ১৭-৪-৬৫-১, ইসমাত ১৫-২-৫১-২, খালিল ৯-০-৫৪-০, শাহিদি ৬-০-১৪-০)
আফগানিস্তান ২য় ইনিংস: ১২ ওভারে ৩৪/১ (ইব্রাহিম ২৫, মালিক ২, গুরবাজ ৭*; মুজারাবানি ৫-০-১৯-০, এনগারাভা ৪-১-৯-১, ইভান্স ২-০-৩-০, রাজা ১-০-৩-০)