Published : 01 Aug 2026, 08:56 PM
নতুন শুরুর সামনে দাঁড়িয়ে জো রুট। চার বছর আগে পদত্যাগের পর, আবার ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক হিসেবে যাত্রা শুরু হচ্ছে অভিজ্ঞ এই ব্যাটসম্যানের। তিনি বলেছেন, টেস্ট দলের নতুন কোচ হিসেবে স্টিভেন ফ্লেমিংয়ের নিয়োগ তার নেতৃত্বে ফেরার পেছনে বড় ভূমিকা রেখেছে।
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ দিয়ে শুরু হবে রুটের অধিনায়কত্বের দ্বিতীয় অধ্যায়। গত বৃহস্পতিবার ফ্লেমিং ও রুটের নিয়োগের ঘোষণা দেয় ইসিবি।
ইংল্যান্ড দলের ব্যবস্থাপনা পরিচালক রব কি বলেছেন, রুটকে ফের নেতৃত্ব নেওয়ার প্রস্তাব দেওয়ার পেছনে ফ্লেমিংয়ের মতামতের ভূমিকা ছিল। কি মনে করেন, স্টোকসের সময়ের সহ-অধিনায়ক হ্যারি ব্রুকের জন্য টেস্ট দলের নেতৃত্ব ‘বেশি আগেভাগে’ হয়ে যায়।
২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত অধিনায়ক থাকার সময়ে দুই জন পূর্ণকালীন কোচ- ট্রেভর বেইলিস ও ক্রিস সিলভারউডের সঙ্গে কাজ করেন রুট। ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার শেষ সিরিজে অন্তর্বর্তীকালীন কোচ ছিলেন পল কলিংউড। ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেবল এক ম্যাচের। গত মাসে স্টোকসের অনুপস্থিতিতে ওভাল টেস্টে দেশকে নেতৃত্ব দেন রুট।
“যদি খোলামেলাভাবে বলি, এটা (ফ্লেমিংয়ের নিয়োগ) আমার দায়িত্ব নেওয়ার পেছনের বড় কারণ। এই খেলা নিয়ে তার দৃষ্টিভঙ্গি, দল হিসেবে আমাদের তিনি এখন যে অবস্থায় দেখেন এবং আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে যে ধরনের কাজ করা প্রয়োজন— এসব নিয়ে আমি খুবই রোমাঞ্চিত। এগুলোই আমাকে এই দায়িত্ব নিতে ভীষণ রোমাঞ্চিত করেছে।
“তার সঙ্গে কাজ করার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। অবশ্যই তিনি খুব অভিজ্ঞ এবং খেলোয়াড় ও কোচ দুই ভূমিকাতেই এই খেলায় তিনি অসাধারণ কিছু কীর্তি গড়েছেন… আমরা একসঙ্গে বিশেষ কিছু গড়ে তোলার চেষ্টা করব।”
অন্য যে কারও চেয়ে ইংল্যান্ডকে টেস্টে বেশি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন রুট। তার জয় ও পরাজয় সমান- ২৭টি করে, ১১টি ড্র। নতুন মেয়াদে তিনি অনুপ্রেরণা নিচ্ছেন স্টোকস ও ম্যাককালামের সময়টা থেকে।
পাকিস্তানের বিপক্ষে সিরিজের জন্য অভিজ্ঞদের নিয়ে দল গড়েছে ইংল্যান্ড। এই মুহূর্তে তাদের বেশিরভাগই একশ বলের টুর্নামেন্ট হান্ড্রেডে ব্যস্ত। আগামী ১৯ অগাস্ট হেডিংলিতে প্রথম টেস্ট শুরুর আগে কেবল দুটি অনুশীলন সেশন দিয়ে সিরিজের প্রস্তুতি নেবেন তারা।
পারিবারিক কারণে এই সিরিজে থাকবেন না ফ্লেমিং। অন্তর্বর্তী কোচ হিসেবে কাজ করবেন মার্কাস ট্রেসকোথিক।
নতুন শুরুর জন্য উন্মুখ হয়ে সিরিজের অপেক্ষায় আছেন রুট। তবে হান্ড্রেডের জন্য যে প্রস্তুতিতে যথেষ্ট সময় মিলবে না, সেটাও মেনে নিয়েছেন তিনি।
“(পাকিস্তান সিরিজ) কিছুটা ভিন্ন হতে যাচ্ছে। বেশ জটিল হবে। (হান্ড্রেডের পর, যা শেষ হবে ১৬ অগাস্ট) প্রস্তুতির জন্য খুবই কম সময় পাওয়া যাবে। তাই ম্যাচের আগে হাতে থাকা দুই দিন কাজে লাগানো আমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে।”