১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফাইনালে আবার কোহলিদের মুখোমুখি হওয়ার আশায় হোপস

দ্বিতীয় সুযোগ কাজে লাগিয়ে আইপিএলের ফাইনালে যেতে চান পাঞ্জাব কিংসের বোলিং কোচ।

ফাইনালে আবার কোহলিদের মুখোমুখি হওয়ার আশায় হোপস
জেমস হোপস। ছবি: আইপিএল

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2025, 04:03 PM

Updated : 26 Aug 2026, 12:49 PM

১১ বছর পর আইপিএলে প্লে-অফের ম্যাচ খেলতে নেমে পাত্তাই পায়নি পাঞ্জাব কিংস। ব্যাটে-বলে তারা বিধ্বস্ত হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে। তবে ফাইনালে যাওয়ার আশা ছাড়ছেন না জেমস হোপস। শিরোপা লড়াইয়ে আবার ভিরাট কোহলিদের মুখোমুখি হতে চান পাঞ্জাবের বোলিং কোচ।

ফাইনালে যাওয়ার প্রথম সুযোগ কাজে লাগাতে পারেনি পাঞ্জাব। আসরের প্রথম কোয়ালিফায়ারে বৃহস্পতিবার স্রেফ ১০১ রানে অল আউট হয়ে ৮ উইকেটে হেরে যায় শ্রেয়াস আইয়ারের নেতৃত্বাধীন দলটি।

ব্যাটিংয়ে অতি আগ্রাসন বিপদ ডেকে আনে পাঞ্জাবের। প্রথম পাঁচ ব্যাটসম্যানের মধ্যে দুই অঙ্কে যেতে পারেন কেবল একজন। দলের সর্বোচ্চ ইনিংস কেবল ২৬।

ফাইনালে যাওয়ার আরেকটি সুযোগ পাঞ্জাব পাবে রোববার। শুক্রবার এলিমিনেটর ম্যাচে গুজরাট টাইটান্স ও মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে জয়ী দলের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে লড়বে তারা। এখন সেদিকেই তাকিয়ে হোপস।

“আমরা প্রথম ওভারটা ব্যাট হাতে ঠিকঠাক খেলেছিলাম, তারপর সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আজ রাতের মধ্যেই আমাদের এই হতাশা সামলে উঠতে হবে। কারণ, আগামীকাল (শুক্রবার) আমাদের ভ্রমণ করতে হবে এবং রোববার আরেকটি ম্যাচ খেলতে হবে। কাজটা এখন আরও কঠিন হবে। তবে আশা করি, মঙ্গলবার রাতে (ফাইনালে) আবারও আমরা আরসিবির (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু) মুখোমুখি হব।”

আইপিএলে একবারই ফাইনালে খেলেছে পাঞ্জাব দল। ২০১৪ সালের ফাইনালে তখনকার কিংস ইলেভেন পাঞ্জাব হেরে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে।