Published : 13 Aug 2026, 06:57 PM
লম্বা প্রস্তুতি আর মালয়েশিয়ার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে, হাই পারফরম্যান্স (এইচপি) দল এখন টপ এন্ড টি-টোয়েন্টি খেলতে অস্ট্রেলিয়ায় উড়াল দেওয়ার অপেক্ষায়। সদ্য জাতীয় দল থেকে বাদ পড়া শামীম হোসেন যাবেন এই সফরে। সেখানে ভালো করে জাতীয় দলে ফেরার লক্ষ্য স্থির করেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
সাম্প্রতিক সময়ে পারফরম্যান্স ভালো না হওয়ায়, সবশেষ জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি দলে জায়গা হারান শামীম। বাদ পড়ার আগের সবশেষ ১০ ইনিংসে ১০৮ স্ট্রাইক রেটে তার মোট রান কেবল ৭৭। ওই সময়ে মাত্র দুইবার ছুঁতে পারেন দুই অঙ্ক। বাকি আট ইনিংসে তিনবার করে শূন্য ও এক রানে আউট হন তিনি।
ফিনিশিংয়ের দায়িত্বটা ঠিকঠাক পালন করতে না পারায় হারান নির্বাচকদের আস্থা। টপ এন্ড টি-টোয়েন্টিতে পারফর্ম করে সেই আস্থা ফিরিয়ে আনতে মরিয়া এই বাঁহাতি ব্যাটসম্যান।
“অবশ্যই ব্যক্তিগত লক্ষ্য আছে। যেহেতু আমি জাতীয় দলের বাইরে, তাই লক্ষ্য থাকবে ভালো পারফর্ম করে আবার দলে ফিরে আসা।
“আমার ব্যক্তিগত লক্ষ্য হলো ভালো খেলা এবং দলকে জেতানো। মূলত এটাই আমার লক্ষ্য।”
দলে তার ভূমিকা সম্পর্কে পুরোপুরি অবগত আছেন বলেও জানালেন ২৫ বছর বয়সী এই ক্রিকেটার।
“আমার ভূমিকা হলো ফিনিশিং দেওয়া। ছয় নম্বরে খেলি, তাই আমার কাজ, ম্যাচ শেষ করে আসা। দলকে জেতানোই আমার প্রধান কাজ। তাই, সেখানে ভালো করা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ।”
এ নিয়ে তৃতীয়বার অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির রাজধানীতে এই টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ এইচপি দল। প্রথমবার খেলেছিল ২০২৪ সালে, আকবর আলির নেতৃত্বে সেই দলে ছিলেন শামীম। সেবার আট ইনিংসে ১১৬ স্ট্রাইক রেটে ১৮৬ রান করে টুর্নামেন্টের ষষ্ঠ সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন।
আগে খেলার সেই অভিজ্ঞতা এবার কাজে লাগাতে চান তিনি।
“আমি এর আগেও সেখানে খেলেছি। ওখানকার উইকেট অনেক ভালো। আশা করছি, আমরা ভালো ক্রিকেট খেলতে পারব।
“সেখানে গিয়ে কন্ডিশনের সাথে মানিয়ে নিতে হবে। লক্ষ্য, অবশ্যই ভালো কিছু করা এবং চ্যাম্পিয়ন হওয়া। দেখা যাক, কী হয়।”
এইচপি দলের এই অস্ট্রেলিয়া সফর দিয়ে মেন্টরের ভূমিকায় অভিষেক হবে মাহমুদউল্লাহর। ৪৩০টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই ক্রিকেটারের নেতৃত্বেই জাতীয় দলে অভিষেক হয়েছিল শামীমের।
“রিয়াদ ভাই কেবল যোগ দিলেন। তিনি অনেক বন্ধুত্বপূর্ণ। আমি ছুটিতে থাকায় ওনার সঙ্গে এখনও খুব বেশি কাজ করার সুযোগ হয়নি। আশা করছি, ভবিষ্যতে ওনার সাথে ভালো কাজ হবে।
“এখনও মনে হচ্ছে, তিনি একজন খেলোয়াড়। এখনও তেমন কোনো পার্থক্য অনুভব করছি না।”