১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ডেভিড-পাতিদারের বিস্ফোরক জুটিতে আসরের সর্বোচ্চ রান বেঙ্গালুরুর

দুজনের টর্নেডো ইনিংসে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে বিশাল সংগ্রহ গড়ল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

ডেভিড-পাতিদারের বিস্ফোরক জুটিতে আসরের সর্বোচ্চ রান বেঙ্গালুরুর
চার-ছক্কার ঝড় তুলে দলের সর্বোচ্চ ৭০ রানের ইনিংস খেলেন টিম ডেভিড। ছবি: আইপিএল

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2026, 11:50 PM

Updated : 26 Aug 2026, 03:18 PM

স্রেফ ৩৬ বলে ৯৯ রানের জুটি উপহার দিলেন টিম ডেভিড ও রাজাত পাতিদার। দুজনের টর্নেডো ইনিংসে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে বিশাল সংগ্রহ গড়ল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। 

ঘরের মাঠে রোববারের দ্বিতীয় ম্যাচে তিন উইকেটে ২৫০ রান করেছে শিরোপাধারীরা। আইপিএলের চলতি আসরে এটাই প্রথম আড়ইশ ছোঁয়া সংগ্রহ।

এবারের আসরে আগের সর্বোচ্চ রান ছিল সানরাইজার্স হায়দরাবাদের। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ইডেন গার্ডেন্সে ৮ উইকেটে ২২৬ রান করেছিল তারা। 

আইপিএলে বেঙ্গালুরুর এর বেশি রানের ইনিংস আছে কেবল দুটি। ২০১৩ সালে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ২৬৩ এখনও সর্বোচ্চ। ২০২৪ সালে হায়দরাবাদের বিপক্ষে বেঙ্গালুরু করেছিল ২৬২ রান। 

চেন্নাইয়ের বিপক্ষে এই প্রথম কোনো দল আড়াইশ রানের সংগ্রহ গড়তে পারল। দলটির বিপক্ষে আগের সর্বোচ্চ ছিল ২০২৪ সালে গুজরাট টাইটান্সের করা ২৩১ রান। 

এম চিন্নাস্বামি স্টেডিয়ামে রোববার টস হেরে ব্যাট করতে নামা বেঙ্গালুরুর মাত্র তিনটি উইকেট নিতে পারে চেন্নাই। স্বাগতিকদের সব ব্যাটসম্যানই রান তোলেন দেড়শর বেশি স্ট্রাইক রেটে। 

একবার জীবন পেয়ে ১৮ বলে ২৮ রান করেন ভিরাট কোহলি। আরেক ওপেনার ফিল সল্ট ৩০ বলে করেন ৪৬ রান। 

তিনে নেমে দেবদুত পাডিক্কাল ২৯ বলে করেন ৫০ রান। 

পরের দুই ব্যাটসম্যানের তাণ্ডবে বল ফেলার যেন জায়গা পাচ্ছিলেন না বোলাররা। ছয় ছক্কা ও এক চারে ১৯ বলে অপরাজিত ৪৮ রানের ইনিংস খেলেন অধিনায়ক পাতিদার। 

পাঁচে নেমে আট ছক্কা ও তিন চারে ২৫ বলে অপরাজিত ৭০ রানের খুনে ইনিংস খেলেন ডেভিড।

চেন্নাইয়ের খলিল আহমেদ ছাড়া বাকি সবাই ওভার প্রতি রান দেন অন্তত ১২ করে। কোনো উইকেট না পাওয়া খলিল চার ওভারে দেন ৩৭ রান। তার বলেই কোহলির ক্যাচ ছাড়েন শিভাম দুবে।

বড় সংগ্রহ গড়া বেঙ্গালুরু ৪৩ রানে জিতে পয়েন্ট টেবিলের চূড়ায় উঠে এসেছে। তাদের মতোই দুটি করে জয় পেয়েছে রাজস্থান রয়‍্যালস, দিল্লি ক‍্যাপিটালস, পাঞ্জাব কিংস।

টানা তিন ম‍্যাচ হেরেছে চেন্নাই।

২৫০ রান তাড়ায় দুই বল বাকি থাকতে ২০৭ রানে গুটিয়ে যায় দলটির ইনিংস।