২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শুরুতে অ‍্যালেনের খেলা নিয়ে শঙ্কা

ফিন অ‍্যালেনের দল পার্থ স্কর্চার্স বিগ ব্যাশের ফাইনালে উঠলে, ভারতের বিপক্ষে প্রথম তিন টি-টোয়েন্টিতে খেলতে পারবেন না তিনি।

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শুরুতে অ‍্যালেনের খেলা নিয়ে শঙ্কা
ফিন অ্যালেন। ছবি: আইসিসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2025, 05:25 PM

Updated : 26 Aug 2026, 05:17 PM

বিগ ব‍্যাশ লিগে খেলার কারণে আসন্ন ভারত সফরে পাঁচ ম‍্যাচের টি-টোয়েন্টি সিরিজের শুরুটায় নাও খেলতে পারেন নিউ জিল‍্যান্ডের ওপেনার ফিন অ‍্যালেন। 

আগামী ২১ জানুয়ারি নাগপুরে শুরু হবে সিরিজ। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন‍্য যা হতে পারে খুব গুরুত্বপূর্ণ। এর আগে ১১ থেকে ১৭ জানুয়ারিতে ভারতে একটি তিন ম‍্যাচের ওয়ানডে সিরিজ খেলবে নিউ জিল‍্যান্ড। 

বিগ ব‍্যাশ লিগে অ‍্যালেন খেলবেন পার্থ স্কর্চার্সে। দল ফাইনালে উঠলে আগামী ২৮ জানুয়ারিতে অনুষ্ঠেয় চতুর্থ টি-টোয়েন্টির আগে ভারতে খেলা হবে না এই ওপেনারের। 

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনাল হবে আগামী ২৫ জানুয়ারি। প্রাথমিক পর্বে স্কর্চার্সের শেষ ম‍্যাচ ১৭ জানুয়ারি। তারা পরের ধাপে যেতে না পারলে ভারত সিরিজের পুরোটাতেই অ‍্যালেনকে পাবে নিউ জিল‍্যান্ড।   

২৬ বছর বয়সী অ‍্যালেন পাঁচ ক্রিকেটারের একজন যারা ক্রিকেট নিউ জিল‍্যান্ডের সঙ্গে ক‍্যাজুয়াল চুক্তি করেছে। এতে নিউ জিল‍্যান্ড এবং দেশের বাইরে ফ্র‍্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলা নিয়ে তাদের ক্ষেত্রে কিছুটা শিথিলতা থাকে এবং তারা হাই-পারফরম‍্যান্স সিস্টেমেও থেকে যান। 

গত জুলাইয়ে মেজর লিগ ক্রিকেটে খেলার সময় পায়ে চোট পান অ‍্যালেন। তারপর এই টুর্নামেন্ট দিয়েই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন তিনি। যুক্তরাষ্ট্রেরই সেই টুর্নামেন্টের উদ্বোধনী ম‍্যাচে টি-টোয়েন্টির রেকর্ড ১৯ ছক্কায় ১৫১ রান করেন অ‍্যালেন।

গত মার্চে দেশের হয়ে সবশেষ কোনো ম‍্যাচ খেলেন অ‍্যালেন। ওয়েলিংটনে পাকিস্তানের বিপক্ষে ৮ উইকেটে জয়ের পথে ১২ বলে খেলেন ২৭ রানের বিস্ফোরক ইনিংস।