Published : 05 Nov 2025, 06:16 PM
গত বছর ৫ নভেম্বর বাংলাদেশ জাতীয় দলের কোচিং স্টাফে যোগ দিয়েছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। ঠিক এক বছর পর সিনিয়র সহকারী কোচের সেই দায়িত্ব ছেড়ে দিলেন তিনি। তার পদত্যাগ নিয়ে এখনই কোনো মন্তব্য করবে না বলে জানিয়েছে বিসিবি।।
সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার সন্ধ্যায় বিসিবি জানায়, পদত্যাগপত্র জমা দিয়েছেন সালাউদ্দিন। তার চুক্তির মেয়াদ ছিল ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত, যেটি হবে ওই বছরের অক্টোবর-নভেম্বরে।
আয়ারল্যান্ডের বিপক্ষে সামনের সিরিজ শেষে তিনি জাতীয় দল ছেড়ে যেতে চান। পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করেছেন ৫০ বছর বয়সী এই কোচ।
সালাউদ্দিনের ইচ্ছের কথা নিশ্চিত করলেও বিসিবির পক্ষ থেকে এখনও কিছু বলা হবে না বলে জানালেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন।
“আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের পর সে সরে দাঁড়ানোর ইচ্ছের কথা জানিয়েছে। আর কোনো মন্তব্য করার আগে ব্যাপারটি নিয়ে আমরা নিজেদের মধ্যে আলোচনা করব।”
আইসিসি সভায় যোগ দিতে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আছেন এখন দুবাইয়ে। তিনি দেশে ফেরার হয়তো ব্যাপারটি নিয়ে বোর্ডে আলোচনা হবে।
ঘরোয়া ক্রিকেটের সফল এই কোচ ১৪ বছর পর জাতীয় দলের কোচিং স্টাফে ফেরেন গত বছর। শুরুতে তার মেয়াদ ছিল কেবল পাঁচ মাসের, গত চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। পরে সেই মেয়াদ বাড়ানো হয় ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত।
জাতীয় দলের কোচিং স্টাফে স্থানীয় কোচদের ইতিহাসে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাচ্ছেন তিনি। বিপিএলের সফলতম কোচকে জাতীয় দলের কোচিং স্টাফে আনার আলোচনাও ছিল অনেক আগে থেকে। তবে এই এক বছরের দায়িত্বের সবশেষ কয়েক মাসে তুমুল সমালোচনার শিকার হতে হয়েছে তাকে। দলের বাজে পারফরম্যান্সের জন্য যেমন তার দিকে আঙুল উঠেছে, তেমনি ব্যাটিংয়ের দুর্দশার কারণেও তাকে কাঠগড়ায় তোলা হয়েছে।
বেশ কিছুদিন ধরেই বিশেষজ্ঞ ব্যাটিং কোচ নেই বাংলাদেশ দলের। সিনিয়র সহকারী কোচ হলেও সালাউদ্দিন দেখভাল করছিলেন ব্যাটিং।।
তবে গত সোমবার বিসিবি সভায় হুট করে মোহাম্মদ আশরফুলকে ব্যাটিং কোচ করা হয় আয়ারল্যান্ড সিরিজের জন্য। বিসিবির সেই সিদ্ধান্তের সঙ্গে সালাউদ্দিনের পদত্যাগের সিদ্ধান্তের যোগসূত্র খোঁজা হচ্ছে স্বাভাবিকভাবেই।
সিলেট টেস্ট দিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ শুরু আগামী মঙ্গলবার।