১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সাত বছর পর ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে ফিরছেন বাবর

ফর্ম ফিরে পাওয়ার তাড়নায় নিজে থেকেই বোর্ডকে অনুরোধ করে প্রথম শ্রেণির ক্রিকেটে ফিরছেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Sep 2026, 01:29 PM

Updated : 17 Sep 2026, 03:00 AM

ইংল্যান্ড সফরের শেষটায় ভালো একটি ইনিংস খেলতে পেরেছেন বাবর আজম। তবে আগের তিন ইনিংসের ব্যর্থতা তো ভোলেননি। নিজের ফর্মের অবস্থাও তিনি অনুভব করতে পারছেন। ফর্ম ফিরে পাওয়ার তাড়নায় নিজে থেকেই বোর্ডকে অনুরোধ করে প্রথম শ্রেণির ক্রিকেটে ফিরছেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক। ঘরোয়া বড় দৈর্ঘ্যের ম্যাচ খেলবেন তিনি সাত বছর পর।

পাকিস্তানে চলতি প্রেসিডেন্ট’স কাপ গ্রেড ১-এ অয়েল অ্যান্ড গ্যাস ডেভেলপমেন্ট কোম্পানির হয়ে খেলবেন বাবর। 

সদ্য সমাপ্ত ইংল্যান্ড সফরে প্রথম টেস্টে চোটের কারণে খেলতে পারেননি বাবর। পরের টেস্টে ফিরে আউট হন ৮ ও ৬ রানে। তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে করেন ৭ রান। শেষ ইনিংসে তার ব্যাট থেকে আসে ৭৬ রান। 

২০২২ সালের ডিসেম্বরের পর থেকে টেস্টে তার সেঞ্চুরি নেই। শতরান ছাড়া পেরিয়ে গেছে ৪০ ইনিংস। এই সময়ে ফিফটি করেছেন মোটে ৮টি। এক পর্যায়ে টানা ১৮ ইনিংসে ছিল না ফিফটি। 

তার ফর্মের এই অবননি পাকিস্তান ক্রিকেটে তুমুল আলোচিত বিষয় হয়ে উঠেছে এবং সাবেক ক্রিকেটাররা প্রায়শই জনসমক্ষে তার টেকনিকের চুলচেরা বিশ্লেষণ করেছেন। এবারের ইংল্যান্ড সফরও এই বিতর্কে নতুন মাত্রা যোগ করে। লর্ডস ও এজবাস্টনে ইংল্যান্ডের পেসাররা শর্ট বলের বিরুদ্ধে তার দুর্বলতার সুযোগ নেয় বারবার।

খারাপ ফর্ম সত্ত্বেও ঘরোয়া প্রথম-শ্রেণির ক্রিকেট থেকে দূরেই থেকেছেন বাবর। গত সপ্তাহে পিসিবি যখন এই মৌসুমের প্রেসিডেন্ট'স ট্রফি ও প্রেসিডেন্ট'স কাপের জন্য দল ঘোষণা করে, আটটি দলের কোনোটিতেই তিনি ছিলেন না। শেষবার ঘরোয়া প্রথম-শ্রেণির টুর্নামেন্ট খেলেছিলেন তিনি ২০১৯ সালে। অবশেষে এবার ফিরছেন। অয়েল অ্যান্ড গ্যাস ডেভেলপমেন্ট কোম্পানির মূল স্কোয়াডে না থাকলেও বোর্ডের হস্তক্ষেপে তিনি খেলবেন অতিথি ক্রিকেটার হিসেবে।

সম্প্রতি বেশ কয়েকজন আন্তর্জাতিক ক্রিকেটারের প্রেসিডেন্ট'স ট্রফিতে খেলার সিদ্ধান্ত নেওয়ার পথ ধরে বাবরের এই সিদ্ধান্ত এলো। ইংল্যান্ড সফরের মাঝপথেই দেশে ফেরত পাঠানো সালমান আলি আগা প্রেসিডেন্ট’স ট্রফিতে দুর্দান্ত এক ট্রিপল সেঞ্চুরি করেছেন। সাত বছর পর ঘরোয়া প্রথম শ্রেণিতে ফিরে এক ওভারে তিন উইকেট নিয়েছেন শাহিন শাহ আফ্রিদি। 

ইংল্যান্ড সফরে ৩-০ ব্যবধানে হেরে যাওয়া পাকিস্তান আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে এখন ৯ নম্বরে আছে। গত চক্রেও তারা শেষ করেছে ৯ নম্বরেই। 

সাম্প্রতিক বছরগুলোতে টেস্ট ক্রিকেট এবং আইসিসি টুর্নামেন্টগুলোতে পাকিস্তানের শোচনীয় পারফরম্যান্সের কারণে ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্টগুলোতে পাকিস্তানের নিয়মিত ক্রিকেটারদের আরও বেশি খেলার দাবি উঠেছে। বাধ্যবাধকতার একটি ব্যাপারও এখানে রয়েছে। কোর্ডের কেন্দ্রীয় চুক্তি অনুযায়ী ‘এ’ (টেস্ট স্পেশালিস্ট) এবং ‘এবি’ (টেস্ট ও ওয়ানডে স্পেশালিস্ট) ক্যাটাগরির ক্রিকেটারদের বছরে যথাক্রমে অন্তত ছয়টি এবং চারটি প্রথম-শ্রেণির ম্যাচ খেলতে হয়। ‘বিসি’ ক্যাটাগরির ক্রিকেটারদের, যারা সাদা বলের স্পেশালিস্ট (ওয়ানডে এবং টি-টোয়েন্টি), তাদের অন্তত দুটি প্রথম শ্রেণির ম্যাচ খেলতে হয়।