Published : 01 Sep 2026, 03:33 PM
উইমেন’স এশিয়া কাপে ইন্দোনেশিয়ার বিপক্ষে মারুফা আক্তারের দারুণ বোলিংয়ের প্রতিফলন পড়েছে র্যাঙ্কিংয়ে। টি-টোয়েন্টির বোলারদের তালিকায় উন্নতি করেছেন এই পেসার। আর ব্যাটারদের তালিকায় এগিয়েছেন সোবহানা মোস্তারি।
মেয়েদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ যথারীতি মঙ্গলবার প্রকাশ করে আইসিসি। টি-টোয়েন্টির ব্যাটার ও অলরাউন্ডারদের তালিকায় অগ্রগতি হয়েছে স্বর্ণা আক্তারের।
ইন্দোনেশিয়াকে ৭১ রানে হারিয়ে এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ। দলের এই জয়ে তিন ওভার বোলিং করে স্রেফ ৬ রান খরচায় দুই উইকেট নিয়ে অবদান রাখেন মারুফা। তাতে দুই ধাপ এগিয়ে ৩৭তম স্থানে আছেন তিনি।
টি-টোয়েন্টির বোলারদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের সবার ওপরে রাবেয়া খান (২০তম)। ইন্দোনেশিয়াকে ৫৮ রানে গুটিয়ে দেওয়ার পথে ৩ উইকেট নেন নাহিদা আক্তার, তবে দুই ধাপ পিছিয়ে ২৮ নম্বরে নেমে গেছেন বাঁহাতি এই স্পিনার।
অন্যদের অবনতিতে এক ধাপ এগিয়ে যৌথভাবে ৪৬তম স্থানে আছেন সুলতানা খাতুন। আগের মতোই সবার শীর্ষে ভারতের শ্রী চারানি।
ইন্দোনেশিয়ার বিপক্ষে ব্যাট হাতে একটি ছক্কা ও দুটি চারে ৪২ বলে ৪০ রান করেন সোবহানা। তাতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে এখন তিনি ৩৯তম স্থানে।
একটি ছক্কা ও তিনটি চারে ১৮ বলে অপরাজিত ৩১ রান করে এক ধাপ এগিয়েছেন স্বর্ণা আক্তার। তালিকায় যৌথভাবে ৫৪তম স্থানে আছেন তিনি। অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে তার, দুই ধাপ এগিয়ে আছেন রাবেয়া খানের সঙ্গে যৌথভাবে ৩১ নম্বরে। এখানে সবার ওপরে ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস।
ব্যাটারদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের সবার ওপরে নিগার সুলতানা। ইন্দোনেশিয়ার বিপক্ষে ১০ রান করা বাংলাদেশ অধিনায়ক দুই ধাপ পিছিয়ে আছেন ২২তম স্থানে। ব্যাটারদের মধ্যে চূড়ায় অস্ট্রেলিয়ার বেথ মুনি।
র্যাঙ্কিংয়ের তিন বিভাগেই ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট পেয়েছেন শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে অপরাজিত ৪৮ রান করে ৭৩৪ রেটিং পয়েন্ট নিয়ে ব্যাটারদের তালিকায় আগের মতোই ষষ্ঠ স্থানে আছেন তিনি।
৯ উইকেটে জেতা ম্যাচটিতে এক উইকেট নিয়েছেন আতাপাত্তু। এতে বোলারদের তালিকায় তিন ধাপ এগিয়ে ৩৩ নম্বরে তিনি, রেটিং পয়েন্ট ৫২২। আর অলরাউন্ডারদের মধ্যে ৪০৫ পয়েন্ট নিয়ে আগের মতোই তিনে এই ক্রিকেটার।