১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আয়ুশের চোট চেন্নাইয়ের জন্য ‘বড় ধাক্কা’

টপ অর্ডার ব্যাটসম্যানের হ্যামস্ট্রিংয়ের সমস্যা গুরুতর মনে হচ্ছে ব্যাটিং কোচ মাইক হাসির কাছে।

আয়ুশের চোট চেন্নাইয়ের জন্য ‘বড় ধাক্কা’
মাঠেই চিকিৎসা নিচ্ছেন আয়ুশ মাত্রে (ডানে)। ছবি: বিসিসিআই।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2026, 04:29 PM

Updated : 26 Aug 2026, 03:26 PM

চোট পাওয়ার পর প্রাথমিক চিকিৎসা নিয়ে খেলা চালিয়ে যান আয়ুশ মাত্রে। তবে তার মধ্যে অস্বস্তি ছিল স্পষ্ট। ম্যাচ শেষে চেন্নাই সুপার কিংসের ব্যাটিং কোচ মাইক হাসি বললেন, টপ অর্ডার এই ব্যাটসম্যানের সমস্যায় গুরুতরই মনে হচ্ছে তার।

সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে শনিবার রান তাড়ায় ‘ইম্প্যাক্ট প্লেয়ার’ হিসেবে ব্যাটিংয়ে নামেন আয়ুশ। দারুণ ছন্দে ছিলেন তিনি। একটি ছক্কা ও পাঁচটি চারে ১২ বলে ৩০ রান করেও ফেলেছিলেন।

বিপত্তিটা বাঁধে এরপরই। পঞ্চম ওভারে দৌড়ে দুই রান নেওয়ার সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে টান লাগে তার। ১৮ বছর বয়সী ক্রিকেটারের চোখেমুখে ফুটে ওঠে যন্ত্রণার ছাপ।

সঙ্গে সঙ্গে মাঠে এসে তাকে প্রাথমিক চিকিৎসা দেন চেন্নাইয়ের ফিজিওথ্যারাপিস্ট। লম্বা সময়ের শুশ্রূষার পর খেলা চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হন তিনি। কিন্তু পুরোপুরি সমস্যা কাটেনি। পরের বলেই সিঙ্গল নেওয়ার সময় তাকে খুঁড়িয়ে দৌড়াতে দেখা যায়।

নিতিশ কুমার রেড্ডি ওই ওভারের চতুর্থ বলেই বাজে আয়ুশের বিদায় ঘণ্টা। এক্সট্রা কাভারে চোখধাঁধানো এক ক্যাচ নেন হাইনরিখ ক্লসেন। ১৩ বলে ৩০ রানেই থামেন আয়ুশ।

ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে হাসির কাছে আয়ুশের অবস্থা জানতে চাওয়া হয়। তরুণ ক্রিকেটারের হ্যামস্ট্রিংয়ে গুরুতর চোট পাওয়ার কথা বলেন সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান।

“এটা স্পষ্ট যে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছে। অবস্থা কতটা গুরুতর আমি জানি না। কাল কিংবা পরের দিন আমরা সম্ভবত তার স্ক্যান করাব। দুর্ভাগ্যজনকভাবে, এটা গুরুতরই মনে হচ্ছে। আর তাকে হারানোটা আমাদের জন্য বড় ধাক্কা হবে, কারণ সে ভালো ছন্দে ছিল।”

চেন্নাইয়ের হয়ে চলতি মৌসুমে সেরা ব্যাটসম্যান আয়ুশ। দুই ফিফটিতে এখন পর্যন্ত ২০১ রান করেছেন তিনি, স্ট্রাইক রেট ১৭৭.৮৭।

আগামী বৃহস্পতিবার মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে চেন্নাই। ছয় ম্যাচের দুটি জিতে পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে আছে তারা।