১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভারত-পাকিস্তান ম্যাচ হোক বা না হোক, খেলা অবশ্যই চলবে’

ওয়াসিম আকরাম আরও বললেন, এশিয়া কাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ না হলে খারাপ লাগবে না তার।

‘ভারত-পাকিস্তান ম্যাচ হোক বা না হোক, খেলা অবশ্যই চলবে’
ওয়াসিম আকরাম।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2025, 05:22 PM

Updated : 26 Aug 2026, 01:37 PM

এশিয়া কাপের সূচি প্রকাশের পর থেকেই ভারতীয় ক্রিকেটে বইছে আলোচনা-সমালোচনার ঝড়। টুর্নামেন্টেটিতে পাকিস্তানের মুখোমুখি হবে ভারত, মানতেই পারছেন না দেশটির অনেকে। উঠেছে ম্যাচটি বয়কটের আলোচনাও। এসবকে অবশ্য গুরুত্ব দিচ্ছেন না ওয়াসিম আকরাম। পাকিস্তানের পেস বোলিং গ্রেট বললেন, ভারত-পাকিস্তান লড়াই না হলেও খারাপ লাগবে না তার।

পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের সঙ্গে ভারতের রাজনৈতিক সম্পর্কের আরও অবনতি হয়। দুই দেশ এক পর্যায়ে সামরিক সংঘাতেও জড়ায়। তখন থেকেই পাকিস্তানের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার আওয়াজ ওঠে ভারতে। গণমাধ্যমে খবর বের হয়, কোনো টুর্নামেন্টেই পাকিস্তানের বিপক্ষে খেলতে চায় না ভারত। তাতে অনিশ্চয়তায় পড়ে যায় এশিয়া কাপ।

নানা টানাপোড়েনের পর গত মাসে এবারের আসরের গ্রুপিং ও সূচি দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। যেখানে ভারত ও পাকিস্তানকে রাখা হয়েছে একই গ্রুপে। আসরে তিনবার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের।

রাজনৈতিক বৈরিতায় এক যুগের বেশি সময় ধরে পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলে না ভারত। কেবল বৈশ্বিক ও এশিয়ান আসরেই দেখা যায় এই দুই দেশের লড়াই। গত মাসে সাবেকদের টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বর্জন করে ভারতীয় দল। প্রাথমিক পর্বের ম্যাচ না খেলার পর এমনকি সেমি-ফাইনালেও তারা খেলেনি পাকিস্তানের বিপক্ষে।

এরপর থেকে এশিয়া কাপেও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কটের আলোচনা জোরেশোরে শুরু হয় ভারতে। ‘স্টিক উইথ ক্রিকেট’ পডকাস্টে কথা বলার সময় এই বিষয়ে নিজের ভাবনা তুলে ধরেন ওয়াসিম আকরাম।

“এশিয়া কাপের সূচি প্রকাশিত হয়েছে এবং এটা নিয়ে (ভারতে) অনেক নেতিবাচক কথা হচ্ছে। তবে পাকিস্তানে আমরা শান্ত আছি। (ভারতের বিপক্ষে) খেলা হোক বা না হোক, আমাদের খারাপ লাগা থাকবে না। খেলা অবশ্যই চলবে।”

আগামী ১২ সেপ্টেম্বর ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করবে পাকিস্তান। এক দিন পর তারা মুখোমুখি হবে ভারতের। গ্রুপ পর্বে সালমান আলি আগার নেতৃত্বাধীন দলের শেষ প্রতিপক্ষ স্বাগতিক আরব আমিরাত, ১৭ সেপ্টেম্বর।