১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপের আগে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরলেন পাকিস্তানি অলরাউন্ডার

সাইম আইয়ুবের উন্নতিতে এক ধাপ নিচে নেমে গেছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা।

বিশ্বকাপের আগে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরলেন পাকিস্তানি অলরাউন্ডার
অলরাউন্ডার সাইম আইয়ুব। ছবি: পাকিস্তান ক্রিকেট টিম ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2026, 04:05 PM

Updated : 26 Aug 2026, 02:51 PM

টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়াতে আর মাত্র দিন দুয়েক বাকি। এর আগে দারুণ এক অনুপ্রেরণা পেলেন সাইম আইয়ুব। অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার পথে ব্যাট-বল হাতে অবদান রেখে, টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরলেন পাকিস্তানের এই ক্রিকেটার।

পুরুষ ক্রিকেটের সাপ্তাহিক হালনাগাদ যথারীতি বুধবার প্রকাশ করেছে আইসিসি। সাইমের উন্নতিতে এক ধাপ নিচে নেমে দুইয়ে আছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা।

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সম্প্রতি শেষ হওয়া তিন ম্যাচের সিরিজ ৩-০ জয়ের পথে সবশেষ ম্যাচে ফিফটিসহ ঝড়ো ব্যাটিংয়ে মোট ১১৯ রান করেন সাইম। সেই সঙ্গে তিনটি উইকেট নিয়ে র‌্যাঙ্কিংয়ে চুড়ায় ফেরেন তিনি।

এই সংস্করণে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে সাইম প্রথম ওঠেন গত বছর ১ অক্টোবর। এই বছরের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে বিবর্ণ পারফরম্যান্সে হারিয়েছিলেন সিংহাসন। অল্প সময় বাদে ফিরলেন আবার।

তৃতীয় স্থানে আগের মতোই আছেন ভারতের হার্দিক পান্ডিয়া। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচে পাঁচটিসহ সিরিজে মোট সাত উইকেট নেওয়া মোহাম্মদ নাওয়াজ এক ধাপ এগিয়ে চতুর্থ স্থানে উঠেছেন।

ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে আগামী শনিবার শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। এই সংস্করণে দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে পাকিস্তান। অভিযান শুরুর আগে সাইমের আরও কয়েকজন সতীর্থেরও র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে।

ওই পারফরম্যান্সে বোলারদের র‌্যাঙ্কিংয়েও লাফ দিয়েছেন নাওয়াজ; আট ধাপ এগিয়ে সপ্তম স্থানে আছেন তিনি। আর সিরিজে ছয় উইকেট নিয়ে দুই ধাপ এগিয়েছেন আবরার আহমেদ, আছেন দ্বিতীয় স্থানে। শীর্ষে থাকা ভারতের ভারুন চক্রবর্তী থেকে এখন আর ২৮ পয়েন্ট পিছিয়ে আছেন আবরার।

টি-টোয়েন্টির ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়েও বেশ এগিয়েছেন সাইম; আট ধাপ এগিয়ে শ্রীলঙ্কার কামিল মিশরার সঙ্গে যৌথভা্বে ২৭ নম্বরে আছেন তিনি। তার পরেই আছেন সালমান আলি আঘা, ১২ ধাপ এগিয়েছেন তিনি।

এই তালিকায় শীর্ষ দশেও কিছু পরিবর্তন এসেছে।

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার পথে তিন ম্যাচের কোনোটিতেই বড় ইনিংস খেলতে পারেননি জস বাটলার। তবে ব্যাট হাতে অবদান রেখে এক ধাপ এগিয়ে তৃতীয় স্থানে আছেন ইংলিশ কিপার-ব্যাটসম্যান। এক ধাপ নেমে পাঁচে ভারতের তিলাক ভার্মা।

এক ধাপ করে এগিয়ে পাঁচ নম্বরে শ্রীলঙ্কার পাথুম নিসানকা ও ছয় নম্বরে ভারতের সুরিয়াকুমার ইয়াদাভ আছেন। আর এক ধাপ এগিয়ে নবম স্থানে উঠেছেন নিউ জিল্যান্ডের টিম সাইফার্ট।

ব্যাটসম্যানদের মধ্যে সবার ওপরে আগের মতোই আছেন ভারতের আভিশেক শার্মা। দুইয়ে ইংল্যান্ডের ফিল সল্ট।