Published : 30 Aug 2026, 01:01 AM
সকালের ভারী বর্ষণের পর, দিনের খেলা শুরু হলো দুপুরে। তবে বৃষ্টির বিড়ম্বনা থেকে মুক্তি মিলল না। তাতে ব্যাট-বলের লড়াই হতে পারল সমান্যই। পেস বোলিংয়ের জন্য অনুকূল কন্ডিশনে পাকিস্তান ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও, ড্যান লরেন্সের ফিফটিতে সাড়ে তিনশ ছাড়িয়ে গেল ইংল্যান্ডের লিড।
লর্ডস টেস্টের তৃতীয় দিনে খেলা হতে পারে কেবল ২৪.৫ ওভার। শনিবারের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের রান ৭ উইকেটে ১৭৭।
প্রথম ইনিংসের ১৮০ রানের লিড মিলিয়ে জো রুটের দল এগিয়ে আছে ৩৫৭ রানে।
ছয় চার ও দুই ছক্কায় ৬৬ বলে ৫০ রানে অপরাজিত আছেন লরেন্স।
এই সিরিজে এখন পর্যন্ত তিন ইনিংসে পাকিস্তান করেছে ১৭১, ১৩৫ ও ১১০। চতুর্থ ইনিংসে সফরকারীদের সামনে যে খুব কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে, তা বলার অপেক্ষা রাখে না।
এ দিন প্রথম সেশনে খেলা হতে পারেনি। আগের দিনের ৩ উইকেটে ৮১ রান নিয়ে দ্বিতীয় সেশনে ব্যাটিং শুরু করে ইংল্যান্ড।
উইকেটে সিম মুভমেন্ট ছিল অনেক। দিনের দ্বিতীয় ওভারে মোহাম্মাদ আব্বাসের দারুণ এক ডেলিভারিতে এমিলিও গে এলবিডব্লিউ হন ৩১ রানে। একটু পর ১৫ মিনিটের জন্য খেলা বন্ধ হয়ে যায় আবার।
লরেন্স ও হ্যারি ব্রুক মিলে দলের স্কোর একশ পার করেন। ৫৬ বলে ৩৪ রান করা ব্রুককেও বিদায় করেন আব্বাস। উইকেটের পেছনে চমৎকার ক্যাচ নেন মোহাম্মাদ রিজওয়ান।
পরের ওভারে মোহাম্মাদ আলিকে পরপর চার ও ছক্কা মারেন লরেন্স। কিন্তু প্রথম ইনিংসের সর্বোচ্চ রান সংগ্রাহক জেমি স্মিথ এবার দুই অঙ্কে যেতে পারেননি। চা-বিরতির পর তৃতীয় বলে বিদায় নেন গাস অ্যাটকিনসনও। দুজনই থামেন ৭ রানে।
বাঁহাতি স্পিনার আলি উসমানের একই ওভারে চার ও ছক্কা মেরে ফিফটির দুয়ারে পৌঁছে যান লরেন্স। ৬৪ বলে পঞ্চাশ পূর্ণ করেন তিনি। ওই ওভারেই আরেকবার বন্ধ হয়ে যায় খেলা, যা আর শুরু হতে পারেনি।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড ১ম ইনিংস: ২৯০
পাকিস্তান ১ম ইনিংস: ১১০
ইংল্যান্ড ২য় ইনিংস: ৪৬.৫ ওভারে ১৭৭/৭ (আগের দিন ৮১/৩) (ব্রুক ৩৪, লরেন্স ৫০*, স্মিথ ৭, অ্যাটকিনসন ৭, রবিনসন ২*; আব্বাস ১৮-২-৪৮-৩, শাহজাদ ১৪-৩-৫৬-২, আলি ১২.৫-১-৫৪-২, উসমান ২-০-১৭-০)