পিএসএলের বিদেশি ক্রিকেটারদের নিয়ে মন্তব্য করে রিশাদের দুঃখপ্রকাশ
পাকিস্তান ছেড়ে আসার পর ড্যারিল মিচেল, টম কারানদের নিয়ে সংবাদমাধ্যমে মন্তব্য করেছিলেন বাংলাদেশের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন।
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছেড়ে আসার পর বিদেশি ক্রিকেটারদের নিয়ে মন্তব্য করার পর দুঃখপ্রকাশ করলেন রিশাদ হোসেন। আলাদা করে উল্লেখ করলেন তিনি ড্যারিল মিচেল ও টম কারানের কথা। তার বক্তব্য সংবাদমাধ্যমে ভুলভাবে উপস্থাপিত হয়েছে বলেও দাবি করলেন বাংলাদেশের তরুণ লেগ স্পিনার।
ভারত-পাকিস্তানের সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার জের ধরে গত শুক্রবার স্থগিত করা হয় পিএসএল। বাংলাদেশের দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানার পাশাপাশি অন্য বিদেশি ক্রিকেটারদের দেশে ফেরা নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। বেশ কিছু ফ্লাইটও বাতিল হয় পাকিস্তানে। তবে শেষ পর্যন্ত রিশাদ, নাহিদরাসহ বিদেশি ক্রিকেটাররা নিরাপদেই পাকিস্তান ছাড়তে পারেন।
পাকিস্তান থেকে দেশে ফেরার পথে দুবাই বিমানবন্দরে যাত্রাবিরতির সময় বাংলাদেশের ক্রিকেট ওয়েবসাইট ক্রিকফ্রেঞ্জিকে রিশাদ শোনান বিদেশি ক্রিকেটারদের মানসিক অবস্থা।
“আসলে বিদেশি যারা ছিল, স্যাম বিলিংস বলেন, ড্যারিল মিচেল বলেন, কুসাল পেরেরা, ডেভিড ভিসা এবং আমাদের (লাহোর কালান্দার্সের) টম কারান… ওরা এত আতঙ্কিত ছিল যে মনে হচ্ছিল, এখনই যেতে পারলে বাঁচে। দুবাইয়ে নামার পর ড্যারিল মিচেল বলছিল, ‘আমি আর কখনও পাকিস্তানে আসব না, এই পরিস্থিতিতে কখনোই না।’ অনেক আতঙ্কে ছিল ওরা।”
শুরুতে ফ্লাইট বাতিল হওয়ায় টম কারান কান্না করেছিলেন, এটিও তুলে ধরেন রিশাদ।
“এয়ারপোর্টে গিয়েছিল (কারান)। যাওয়ার পর যখন শোনে যে এয়ারপোর্ট বন্ধ, ফিরে আসার পরে ছোট বাচ্চাদের মতো কান্নাকাটি শুরু করেছিল। মনে হচ্ছিল… মানে ওকে দুই-তিন জন ধরে ইয়ে করছিল আর কী…এরকম অবস্থা ছিল।”
এই ধরনের স্পর্শকাতর মন্তব্যের ক্ষেত্রে সাধারণত অনেক সতর্ক থাকেন ক্রীড়াবিদরা। কখনও পরিস্থিতি তুলে ধরলেও এভাবে নাম উল্লেখ করেন না সেভাবে। রিশাদের মন্তব্যের পর বেশ বিতর্ক আর সমালোচনা হয়।
রিশাদ রোববার রাতে সামাজিক মাধ্যমে দাবি করেন, তার মন্তব্য অতিরঞ্জিত করা হয়েছে।
“আমি জানি, আমার একটি সাম্প্রতিক মন্তব্য বিভ্রান্তির সৃষ্টি করেছে এবং দুর্ভাগ্যবশত এটি মিডিয়াতে ভুলভাবে উপস্থাপিত হয়েছে, যার ফলে একটি ভুল ধারণা তৈরি হয়েছে।”
“এই মন্তব্যটি আমি বাংলাদেশের কয়েকজন সাংবাদিকের সাথে দুবাই বিমানবন্দরে ট্রানজিট অবস্থায় একটি সংক্ষিপ্ত সাক্ষাৎকারে দিয়েছিলাম। মন্তব্যটি পূর্ণ প্রেক্ষাপট ছাড়া ছিল এবং অনিচ্ছাকৃতভাবে অনুভূতিগুলোকে অতিরঞ্জিত করে তুলেছিল।”
মিচেল ও কারানের কাছে আলাদা করে দুঃখপ্রকাশ করেন রিশাদ। পিএসএল আবার শুরু হলে দলে যোগ দিতে মুখিয়ে আছেন বলেও জানান ২২ বছর বয়সী লেগ ম্পিনার।
“আমি যে কোনো ভুল বোঝাবুঝির জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমি ড্যারিল মিচেল এবং টম কারানের কাছে নিঃশর্তভাবে দুঃখ প্রকাশ করেছি। আমি আমার সহ-খেলোয়াড়দের প্রতি গভীর শ্রদ্ধা রাখি এবং কালান্দার্স পরিবারের মূল্যবোধকে খুবই গুরুত্ব দিই — যেখানে আমরা একে অপরের পাশে থাকি, যে কোনো পরিস্থিতিতে।”
“আমি পাকিস্তান সুপার লিগ পুনরায় শুরু হলে আমার দলের সাথে যোগ দেওয়ার অপেক্ষায় আছি।”
বক্তব্য ভুলভাবে ও অতিরঞ্জিত করে উপস্থাপন করা হয়েছে দাবি করলেও আদতে তা বিস্ময়কর। রিশাদের পুরো বক্তব্যই ক্রিকফ্রেঞ্জির ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ভিডিও আকারে আছে এখনও।
লাহোর কালান্দার্সের হয়ে এবার পিএসএলে ৫ ম্যাচ খেলে ৯ উইকেট নিয়েছেন রিশাদ।
