১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপের মঞ্চে প্রথমবার সামোয়া

২০২৫ সালের অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে সামোয়া।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 03:25 PM

Updated : 10 Sep 2026, 12:06 PM

চমক দেখিয়ে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিল সামোয়া। পূর্ব এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বাছাইয়ে সেরা হয়ে ২০২৫ সালের বিশ্বকাপের টিকেট নিশ্চিত করল তারা। 

ইন্দোনেশিয়ার উদয়ন ক্রিকেট গ্রাউন্ডে বাছাইয়ের শেষ ম্যাচে ফিজিকে ৪ উইকেটে হারায় সামোয়ার মেয়েরা। ছয় ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে চার দলের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় তারা। 

যার সৌজন্যে নারী-পুরুষ মিলিয়ে সিনিয়র বা বয়সভিত্তিক ক্রিকেটে এবারই প্রথম কোনো বিশ্বকাপে খেলার সুযোগ পেল সামোয়া। 

বাছাইয়ের শেষ ম্যাচে ফিজিকে ৮৭ রানে আটকে রাখে সামোয়া। পরে ৩৪ বল বাকি থাকতে সেটি টপকে যায় এভিয়েটা ফেতু মাপুর নেতৃত্বাধীন দল। ছয় ম্যাচের মধ্যে শুধু পাপুয়া নিউগিনির বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচটি হারে তারা।

চার দলের টুর্নামেন্টে একরকম আন্ডারডগই ছিল সামোয়া। গত বছরের বিশ্বকাপ খেলা ইন্দোনেশিয়া ও এক ঝাঁক আন্তর্জাতিক ক্রিকেটার নিয়ে গড়া পাপুয়া নিউ গিনির সম্ভাবনাই ধরা হচ্ছিল বেশি। 

সেসব ছাপিয়ে প্রথম ম্যাচে পাপুয়া নিউ গিনির ১২৩ রান টপকে জয় পায় সামোয়া। ইন্দোনেশিয়া ও ফিজিকে হারিয়ে বিশ্বকাপের পথে এগিয়ে যায় তারা। তবে দ্বিতীয় লেগের প্রথম ম্যাচে পাপুয়া নিউ গিনির কাছে হেরে যায় সামোয়া। সেই ধাক্কা সামলে শেষ দুই ম্যাচ জিতে মালয়েশিয়া ও থাইল্যান্ড আসরে জায়গা করে নেয় ওশেনিয়া অঞ্চলের দেশটি।