১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘আমরা ক্লাব পর্যায়ের ক্রিকেট খেলছি’, সালমান-নাওয়াজদের ধুয়ে দিলেন শোয়েব

ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ডের মতো বড় দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারার মতো দল পাকিস্তান নয়, বলছেন সাবেক ফাস্ট বোলার।

‘আমরা ক্লাব পর্যায়ের ক্রিকেট খেলছি’, সালমান-নাওয়াজদের ধুয়ে দিলেন শোয়েব
ভারতের সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তান। ছবি: পাকিস্তান ক্রিকেট টিম ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2025, 05:36 PM

Updated : 26 Aug 2026, 02:18 PM

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের ফল ছাপিয়ে বড় আলোচনার বিষয় এখন অন্য ঘটনা। তবে ক্রিকেটীয় আলোচনাও থেমে নেই। চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে পাকিস্তান দলের অসহায় আত্মসমর্পণের পর যেমন উত্তরসূরিদের তীব্র সমালোচনায় বিদ্ধ করলেন দেশটির সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার। তার মতে, বিশ্বের শীর্ষ দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো মান পাকিস্তান দলের নেই। 

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার বোলিং-ব্যাটিংয়ে পাকিস্তানকে গুঁড়িয়ে ৭ উইকেটের জয় পায় ভারত।

টস জিতে ব্যাটিংয়ে নেমে একপর্যায়ে ৬৪ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। ৯ নম্বরে নেমে পেসার শাহিন শাহ আফ্রিদির ৪ ছক্কায় ১৬ বলে ৩৩ রানের ক্যামিওতে কোনোমতে ১২৭ পর্যন্ত যেতে পারে সালমান আলি আগার দল।

ছোট পুঁজি নিয়ে বোলিংয়েও লড়াই জমাতে পারেনি পাকিস্তান। আভিশেক শার্মার বিধ্বংসী শুরুর পর সুরিয়াকুমার ইয়াদাভের ৩৭ বলে অপরাজিত ৪৭ রানের ইনিংসে ২৫ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় ভারত।

ম্যাচের ফল ছাপিয়ে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে পাকিস্তানের সঙ্গে ভারতের হাত না মেলানোর ঘটনা। সেটি নিয়ে যেমন হতাশা প্রকাশ করেছেন শোয়েব, তেমনি পাকিস্তানের পারফরম্যান্স নিয়েও ক্ষুব্ধ তিনি। মূল বোলারদের ছাপিয়ে পার্ট-টাইমার সাইম আইয়ুবের ৩ উইকেট নেওয়া নিয়ে উপহাসও করলেন সাবেক এই গতিতারকা। 

“সব বিভাগেই পারফরম্যান্স ছিল হতাশাজনক। আমার মনে হয় সাইম আইয়ুব ছিল বোলারদের মধ্যে সেরা। মনে হচ্ছে, আমরা অবশেষে একজন উপযুক্ত স্পিনার খুঁজে পেয়েছি।”

“অবশ্যই আমরা প্রত্যক্ষ করেছি ও বুঝতে পেরেছি যে, পাকিস্তান যে ধরনের ক্রিকেট খেলছে, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় মানের বিশাল পার্থক্য রয়েছে। অন্যান্য বেশিরভাগ দলই যেখানে উঁচু মানের ক্রিকেট খেলে, সেখানে আমরা ক্লাব পর্যায়ের ক্রিকেট খেলছি।”

পাকিস্তানকে অল্পে আটকে রাখতে ভারতের তিন স্পিনার মিলে নেন ৬ উইকেট। শোয়েব কড়া সমালোচনা করলেন নিজেদের ব্যাটসম্যানদের। পাকিস্তান ক্রিকেটের মান এখন কত নিচে, সেটাও তুলে ধরলেন তিনি।  

“তারা যদি বলতে চায়, ভারতীয় স্পিনারদের খেলা খুবই কঠিন ছিল, তাহলে শাহিন শাহ আফ্রিদি কীভাবে ১৬ বলে ৩৩ রান করতে পারল, ছক্কা মারতে পারল?”

“আমাদের মানের অভাব রয়েছে। আমরা এমন দল নই যে, দক্ষিণ আফ্রিকা, ভারত, ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার মতো দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারব। আমরা (আইসিসির) সহযোগী সদস্যদের তুলনায় কিছুটা ভালো, এটকুই।”