১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

আতাপাত্তু একাই জিতলেন ৫টি পুরস্কার, নিসাঙ্কা ৩টি

শ্রীলঙ্কা ক্রিকেট অ্যাওয়ার্ডসে চামারি আতাপাত্তুর জয়জয়কার।

আতাপাত্তু একাই জিতলেন ৫টি পুরস্কার, নিসাঙ্কা ৩টি
চামারি আতাপাত্তু। ছবি: শ্রীলঙ্কা ক্রিকেট ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2026, 08:30 PM

Updated : 11 Sep 2026, 03:48 PM

শ্রীলঙ্কা ক্রিকেট অ্যাওয়ার্ডসে একাধিক বিভাগে পুরস্কার জিতে নারী ক্রিকেটে নিজের কিংবদন্তিতুল্য মর্যাদা আরও সুপ্রতিষ্ঠিত করেছেন চামারি আতাপাত্তু। লঙ্কান অধিনায়ক একাই জিতেছেন পাঁচটি পুরস্কার। ছেলেদের বিভাগে তিনটি পুরস্কার পেয়েছেন পাথুম নিসাঙ্কা।

৩৬ বছর বয়সী আতাপাত্তু ২০২৫ সালের বর্ষসেরা নারী ক্রিকেটার তো হয়েছেনই, সঙ্গে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সেরা অলরাউন্ডার, টি-টোয়েন্টিতে সেরা ব্যাটার ও ওয়ানডেতে সেরা বোলারের পুরস্কারও জিতেছেন।

ওয়ানডেতে সেরা ব্যাটার নির্বাচিত হয়েছেন হার্শিতা সামারাউইক্রামা, টি-টোয়েন্টিতে সেরা বোলার কবিশা দিলহারি।

ছেলেদের বর্ষসেরা হয়েছেন নিসাঙ্কা। এছাড়া টেস্ট ও টি-টোয়েন্টিতে সেরা ব্যাটসম্যানের পুরস্কার জিতেছেন এই ওপেনার। ওয়ানডেতে পুরস্কারটি পেয়েছেন চারিথ আসালঙ্কা। 

টি-টোয়েন্টিতে সেরা পুরুষ বোলার হয়েছেন দুশমান্থ চামিরা। ওয়ানডে বিভাগে পুরস্কারটি পেয়েছেন অসিথা ফার্নান্দো, টেস্টে প্রবাথ জায়াসুরিয়া।

দাসুন শানাকা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা যথাক্রমে টি-টোয়েন্টি ও ওয়ানডেতে সেরা অলরাউন্ডারের পুরস্কার জিতেছেন। টেস্টে সেরা অলরাউন্ডার নির্বাচিত হয়েছেন টেস্ট অধিনায়ক ধানাঞ্জায়া ডি সিলভা।

বর্ষসেরা পুরুষ উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হয়েছেন কামিল মিশারা, মেয়েদের বিভাগে সেরা হয়েছেন ইমেশা দুলানি।