১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইতালির নেতৃত্ব হারিয়ে বিশ্বকাপ পরিকল্পনা থেকেও ছিটকে গেলেন বার্নস

নেতৃত্ব থেকে অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যানকে সরিয়ে ওয়েন ম্যাডসেনকে দায়িত্ব দিয়েছে ইতালি।

ইতালির নেতৃত্ব হারিয়ে বিশ্বকাপ পরিকল্পনা থেকেও ছিটকে গেলেন বার্নস
ইতালির জার্সিতে জো বার্নস। ছবি: আইসিসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2025, 05:31 PM

Updated : 26 Aug 2026, 05:20 PM

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি নেই দুই মাসও। এমন সময় দলে বড়সড় এক পরিবর্তন এনেছে ইতালি। জো বার্নসকে সরিয়ে ওয়েন ম্যাডসেনকে অধিনায়কের দায়িত্ব দিয়েছে তারা। বৈশ্বিক আসরের পরিকল্পনায়ও যে নেই অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার বার্নস, সেটাও নিশ্চিত করেছে দলটি।

জো বার্নসের নেতৃত্বেই প্রথমবারের মতো ক্রিকেটের কোনো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে ইতালি। সেই অধিনায়ককেই মূল পর্বের লড়াইয়ের জন্য দলে না রাখার কথা মঙ্গলবার জানায় ফুটবলে দারুণ সফল দেশটির ক্রিকেট বোর্ড-এফসিআরআই।

অস্ট্রেলিয়ার হয়ে ২৩টি টেস্ট ও ছয় ওয়ানডে খেলা বার্নসের জন্ম ও বেড়ে ওঠা ব্রিজবেনে। ২০২০ সালের পর অস্ট্রেলিয়া দলে জায়গা হারানো ডানহাতি ব্যাটসম্যান পরে পাড়ি জমান ইতালিতে। মায়ের সূত্রে ২০২৪ সালে দেশটির হয়ে খেলা শুরু করেন তিনি। প্রয়াত ভাইয়ের সম্মানে ৮৫ নম্বর জার্সি পরেন এই ক্রিকেটার।

বার্নসের মায়ের শেকড় ছিল ইতালিতে। সেখান থেকে এসে অস্ট্রেলিয়ায় জীবন শুরু করেন বার্নসের নানা-নানী।

ইতালির জার্সিতেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয় বার্নন্সের, ২০২৪ সালের জুনে, আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের সাব-রিজিওনাল বাছাইপর্বে লুক্সেমবার্গের বিপক্ষে। ওই বছরের ডিসেম্বরেই তার কাঁধে নেতৃত্বভার তুলে দেয় ইতালি।

বার্নসের নেতৃত্বে বাছাইপর্বে গার্নসি ও স্কটল্যান্ডকে হারায় ইতালি। পরে ইউরোপিয়ান অঞ্চল থেকে দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপের মূল পর্বের টিকেট পায় তারা।

বিশ্বকাপে জায়গা করে নেওয়ার পর ভীষণ উচ্ছ্বসিত ছিলেন বার্নস। বৈশ্বিক আসরে ইতালিকে নেতৃত্ব দেওয়ার জন্য মুখিয়ে থাকার কথাও বলেছিলেন তিনি। কিন্তু তার সেই স্বপ্নে বড় ধাক্কা হয়ে এলো ইতালিয়ান বোর্ডের সিদ্ধান্ত।

“ফেডারেশন এটা নিশ্চিত করছে যে, জো বার্নসকে আসন্ন আইসিসি মেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ইতালির দলে রাখা হবে না।”

৩৬ বছর বয়সী বার্নসকে নিয়ে এমন সিদ্ধান্তের কারণ নিয়ে বেশি কিছু বলেনি এফআরসিআই। তবে তাদের বিবৃতিতে উঠে এসেছে, বার্নসের সঙ্গে চুক্তি নিয়ে জটিলতার বিষয়টি।

এমন কিছু হতে পারে, আগেই কিছুটা ধারণা মিলেছিল। গত নভেম্বরে প্রস্তুতি ক্যাম্পের জন্য বার্নসের জায়গায় ম্যাডসেনকে অধিনায়ক হিসেবে দায়িত্ব দেয় এফআরসিআই। ওই ক্যাম্পের দলে ছিলেন না বার্নস।

অবশ্য চুক্তি মেনে নিয়ে ইতালির জার্সিতে খেলতে চাওয়ার কথা বারবারই বোর্ডকে জানিয়েছেন বার্নস। ইতালির ক্রিকেটের হেড অব পারফরম্যান্স মার্কো মাত্রোরোকো নিশ্চিত করেছেন, বার্নস ও এফআরসিআইয়ের মধ্যে যোগাযোগের ওই সময়টায় অনুবাদক হিসেবে কাজ করেছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত এফআরসিআইয়ের সিদ্ধান্তে অবাক হয়েছেন তিনি।

ইতালির জার্সিতে মোট আটটি টি-টোয়েন্টি খেলে একটি করে সেঞ্চুরি ও ফিফটিতে ২৭১ রান করেছেন বার্নস। তার ব্যাটিং গড় ৪৫.১৬ ও স্ট্রাইক রেট ১৩৮.৯৭।

বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে ‘সি’ গ্রুপে পড়েছে ইতালি। সেখানে তাদের অন্য তিন প্রতিপক্ষ হলো দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও নেপাল।

আগামী ৭ ফেব্রুয়ারি শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। দুই দিন পর বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ইতালির ঐতিহাসিক পথচলা।