Published : 18 Aug 2026, 08:56 PM
ইংল্যান্ডের বিপক্ষে লড়াই শুরুর আগের দিনই চোটাক্রান্ত বাবর আজমের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলল পাকিস্তান। সিরিজের প্রথম টেস্টে নিয়মিত অধিনায়ককে ছাড়াই খেলতে হবে তাদেরকে।
তিন টেস্টের সিরিজের প্রথমটি মাঠে গড়াবে বুধবার, হেডিংলিতে।
ম্যাচটি থেকে বাবরের ছিটকে পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানের কোচ সারফারাজ আহমেদ।
“প্রথম টেস্টে খেলতে পারবেন না পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ম্যাচটিতে দলকে নেতৃত্ব দেবেন সালমান আলি আঘা।”
বেকেনহ্যামে গত শুক্রবার প্রফেশনাল কাউন্টি ক্লাব সিলেক্ট একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ব্যাটিংয়ের সময় চোট পান বাবর। ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলের পেসার ম্যানি লামসডেনের লাফিয়ে ওঠা ডেলিভারি বাবরের ডান হাতে আঘাত করে। ওয়েস্ট ইন্ডিজ সফরেও একই হাতে চোট পেয়েছিলেন তিনি।
হাতে বল লাগার পর বাবরকে ব্যথায় কাতরাতে দেখা যায়। এরপর তিনি মাঠ ছেড়ে যান এবং ওই ম্যাচের বাকি অংশে আর খেলেননি।
বাবরকে নিয়ে অনিশ্চয়তার মাঝে পাকিস্তান দলের পক্ষ থেকে সোমবার অবশ্য জানানো হয়েছিল, ম্যাচের দিন সকালে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
পরের টেস্টে অবশ্য বাবরকে পাওয়ার ব্যাপারে আশাবাদী সারফারাজ।
“মেডিকেল টিম বাবরের পরীক্ষা-নিরীক্ষা করছে। তার আঙুলে বেশ ব্যথা আছে। দ্বিতীয় টেস্টের আগে হাতে বেশ কিছু দিন সময় আছে। আশা করি, তার আগেই সে সেরে উঠবে।”
সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী ২৭ অগাস্ট, লর্ডসে।
লম্বা সময়ের ছন্দহীনতা কাটিয়ে, সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে আবারও ফর্মে ফেরার আভাস দিয়েছেন বাবর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১-১ ড্র টেস্ট সিরিজে তিনি ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক, দুটি ফিফটিসহ করেছিলেন ১৯৩ রান।
তাই সিরিজের শুরুতেই বাবরকে হারানো পাকিস্তানের জন্য বেশ বড় ধাক্কা। ওয়েস্ট ইন্ডিজ সফরের আগেই তাকে আবার নেতৃত্বে ফেরানো হয়। তাই দ্বিতীয় সিরিজের শুরুতেই এভাবে মাঠের বাইরে যাওয়া অভিজ্ঞ এই ক্রিকেটারের নিজের জন্যও বাড়তি হতাশার।
এর আগে পাকিস্তান টেস্ট দলকে কখনও নেতৃত্ব দেননি সালমান। তবে তিন সংস্করণেই তিনি জাতীয় দলে নিয়মিত মুখ এবং পাকিস্তান টি-টোয়েন্টি দলের বর্তমান অধিনায়কও।
ওয়েস্ট ইন্ডিজ সফরটা অবশ্য একদম ভালো কাটেনি সালমানের, তিন ইনিংসে কেবল ২০ রান করতে পারেন তিনি।