আইপিএল
Published : 20 May 2026, 05:34 PM
চোট হানা দেওয়ার পর দেশে ফিরে যাওয়া ফিল সল্টকে আবারও পেতে যাচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, চলতি সপ্তাহের শেষ দিকে ভারতে ফিরবেন ইংলিশ ওপেনার।
গত ১৮ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ঘরের মাঠে খেলার সময় একটি বাউন্ডারি বাঁচাতে গিয়ে বাঁ হাতের আঙুলে চোট পান সল্ট। এরপর আর কোনো ম্যাচ খেলেননি তিনি। সুস্থ হয়ে ওঠার সময়টা পরিবারের সঙ্গে কাটাতে গত মাসে দেশে ফিরে যান ডানহাতি ব্যাটসম্যান।
এরই মধ্যে এবারের আইপিএলের প্লে-অফে খেলা নিশ্চিত করেছে বেঙ্গালুরু। শিরোপা ধরে রাখার অভিযানে থাকা দলটির প্রথম কোয়ালিফায়ারে খেলাও প্রায় নিশ্চিত।
প্রাথমিক পর্বে আর একটি ম্যাচ বাকি আছে বেঙ্গালুরুর। আগামী শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে তারা। এই ম্যাচে সল্ট খেলবেন কিনা, সেটা এখনও নিশ্চিত নয়। ধারণা করা হচ্ছে, প্লে-অফের আগে তাকে নিয়ে কোনো ঝুঁকি নেবে না বেঙ্গালুরু।
মাঠের বাইরে ছিটকে পড়ার আগে ছন্দে ছিলেন সল্ট। দিল্লির বিপক্ষে ওই ম্যাচেও ৬৩ রানের ইনিংস খেলেছিলেন তিনি। সব মিলিয়ে, এখন পর্যন্ত এবারের আইপিএলে ছয় ইনিংসে ১৬৮.৩৩ স্ট্রাইক রেটে ২০২ রান করেন এই ক্রিকেটার।
সল্টের অনুপস্থিতিতে গত এক মাসে ভিরাট কোহলির সঙ্গে ওপেন করেন জেকব বেথেল। সুযোগ কাজে লাগাতে পারেননি এই ইংলিশ ব্যাটসম্যান। সাত ইনিংসে রান করেন কেবল ৯৬। তার সর্বোচ্চ ইনিংসটি ২৭ রানের, মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে।
পরের ম্যাচের একাদশে বেথেলের জায়গা পাওয়া এখন অনিশ্চিত। রাজাত পাতিদারের অনুপস্থিতিতে সুযোগ পেয়ে গত ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে ৭৩ রানের চমৎকার এক ইনিংস খেলেন ভেঙ্কাটেশ আইয়ার। হায়দরাবাদের বিপক্ষে হয়তো ফিরতে যাচ্ছেন বেঙ্গালুরুর নিয়মিত অধিনায়ক পাতিদার।
আইপিএলের প্লে-অফ পর্ব শুরু হবে আগামী মঙ্গলবার। সেদিন প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল।
১৩ ম্যাচ শেষে ১৮ পয়েন্ট নিয়ে এখন শীর্ষে আছে বেঙ্গালুরু। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে যথাক্রমে দুই ও তিনে গুজরাট টাইটান্স ও হায়দরাবাদ। চারে থাকা রাজস্থান রয়্যালসের পয়েন্ট ১৪।