১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ ইমার্জিং দলে টেস্ট ক্রিকেটারের ছড়াছড়ি

জিম্বাবুয়ে সফরের বাংলাদেশ টেস্ট স্কোয়াডের পাঁচ ক্রিকেটারকে রাখা হয়েছে ইমার্জিং দলে, জানানো হয়নি অধিনায়কের নাম

বাংলাদেশ ইমার্জিং দলে টেস্ট ক্রিকেটারের ছড়াছড়ি
টেস্ট ক্রিকেটার খালেদ ও ইবাদত খেলবেন ইমার্জিং দলে। ছবি: বিসিবি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2026, 09:39 PM

Updated : 11 Sep 2026, 03:24 PM

স্কোয়াডে এক ঝলক তাকিয়ে মনে হতে পারে, ইমার্জিং দল নাকি টেস্ট দল! এত এত টেস্ট ক্রিকেটারের নাম দেখে বিভ্রান্তিটা স্বাভাবিক। জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ইমার্জিং দলে জায়গা পেয়েছেন এমন ৯ ক্রিকেটার, নানা সময়ে যারা টেস্ট খেলেছেন বা টেস্ট স্কোয়াডে ঠাঁই পেয়েছেন। তাদের মধ্যে আছেন নাঈম হাসান, খালেদ আহমেদ ও ইবাদত হোসেনদের মতো অভিজ্ঞ ক্রিকেটারও।

আগামী বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। সামনেই জিম্বাবুয়ে সফরের বাংলাদেশ টেস্ট স্কোয়াডে থাকা পাঁচ ক্রিকেটার আছেন ইমার্জিং দলে। এই ম্যাচ শেষেই জিম্বাবুয়ের উদ্দেশে উড়াল দিবেন তারা।

এই সফরের প্রস্তুতির জন্যই ওই পাঁচ ক্রিকেটারকে ইমার্জিং দলে খেলানো হচ্ছে, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এমনটাই বললেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার । এই পাঁচ ক্রিকেটারের মধ্যে এখনো টেস্ট ক্যাপ পাননি অমিত হাসান ও রবিউল হক।

“সামনে আমাদের লাল বলের কোন ম্যাচ নেই। তাদের প্রস্তুতির কথা বিবেচনায় রেখেই টেস্ট ক্রিকেটারদের এই ম্যাচে খেলার সুযোগ দেওয়া হয়েছে, যেন জিম্বাবুয়ে সিরিজের জন্য পূর্ণ প্রস্তুতি নিতে পারে।”

জিম্বাবুয়ে সফরের দলে না থাকা অন্য টেস্ট ক্রিকেটারদের ইমার্জিং দলে রাখার কারণও ব্যাখ্যা করলেন প্রধান নির্বাচক। 

“সামনে আমাদের আর কোন লাল বলের ম্যাচ নেই। সে কারণে যারা জিম্বাবুয়ে যাবে না এবং টেস্ট দলের জন্য বিবেচনা করা হচ্ছে, তাদেরকে ইমার্জিং দলের স্কোয়াডে রাখা হয়েছে। তাদের পারফরম্যান্সটাও আমরা দেখতে চাই।”

এই অভিজ্ঞদের ভিড়ে মুশফিক হাসান, ইকবাল হোসেন ইমন, নাঈম আহমেদ ও মাহফিজুল ইসলামদের মতো তরুণ ক্রিকেটারদেরও ডাকা হয়েছে ইমার্জিং দলে। 

এই চারজনের মধ্যে একমাত্র ব্যাটার মাহফিজুল। 

প্রথম ম্যাচের জন্য ১৭ জনের স্কোয়াড দেওয়া হলেও জানানো হয়নি অধিনায়কের নাম। নির্বাচক নাঈম ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ম্যাচ শুরুর আগে অধিনায়কের নাম জানানো হবে। 

একই দলের বিপক্ষে সবশেষ একদিনের ম্যাচের সিরিজে অধিনায়কের দায়িত্বে ছিলেন জাকির হাসান। 

বাংলাদেশ ইমার্জিং দল: 

মাহফিজুল ইসলাম, জাকির হাসান, অমিত হাসান, মাহিদুল ইসলাম, শাহাদাত হোসেন, ইয়াসির আলি, জাকের আলি, নাঈম হাসান, হাসান মুরাদ, রবিউল হক, মুশফিক হাসান, এনামুল হক, ইকবাল হোসেন ইমন, প্রিতম কুমার, নাঈম আহমেদ, খালেদ আহমেদ ও ইবাদত হোসেন।

জিম্বাবুয়ে সফরের টেস্ট দলের যারা আছেন- 

নাঈম হাসান, খালেদ আহমেদ, ইবাদত হোসেন, অমিত হাসান ও রবিউল হক।