উইলিয়ামসনের জায়গায় নিউ জিল্যান্ড দলে ইয়াং
ইংল্যান্ডে রোববার পৌঁছে পরদিন অনুশীলন শুরু করবেন টপ অর্ডার এই ব্যাটসম্যান।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে হুট করে অবসর নেওয়া কেন উইলিয়ামসনের জায়গায় উইল ইয়াংকে দলে ডেকেছে নিউ জিল্যান্ড। ইংল্যান্ডের বিপক্ষে শেষ দুই টেস্টের দলে এই ব্যাটসম্যানকে যোগ করেছে তারা।
সবাইকে অবাক করে দিয়ে শুক্রবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেন উইলিয়ামসন। ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের প্রথম টেস্টে খেলেন কিউই গ্রেট। লর্ডসে হেরে যাওয়া ওই ম্যাচের দুই ইনিংসের একটিতেও দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি অভিজ্ঞ ব্যাটসম্যান।
গত ডিসেম্বরে সবশেষ টেস্ট খেলেন ইয়াং, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্রাইস্টচার্চে। এখন পর্যন্ত এই সংস্করণে ২৩ ম্যাচ খেলে ১১ ফিফটিতে এক হাজার ২১৫ রান করেছেন তিনি। দেশের হয়ে সাদা পোশাকে তার গড় ৩১.৯৭।
নিউ জিল্যান্ডের জার্সিতে ইয়াং সবশেষ মাঠে নামেন গত এপ্রিলে, বাংলাদেশ সফরে তিনটি ওয়ানডে খেলেন তিনি। ওই তিনটিতে যথাক্রমে করেন ৩০, ২ ও ১৯ রান।
ইংল্যান্ডে দলের সঙ্গে রোববার যোগ দেবেন ইয়াং। পরদিন থেকে অনুশীলন শুরু করবেন তিনি।
নিউ জিল্যান্ডের একাদশে উইলিয়ামসনের জায়গায় সুযোগ পেতে পারেন হেনরি নিকোলস। ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্ট প্লাঙ্কেট শিল্ডে ২০২৫-২৬ মৌসুমে সাত ম্যাচে ৮৭০ রান করেন তিনি, গড় ৯৬.৬৬। আর ইয়াং সেখানে পাঁচ ম্যাচে করতে পারেন কেবল ১১৯ রান, গড় স্রেফ ১৪.৩৭।
ওভালে আগামী বুধবার শুরু হবে দ্বিতীয় টেস্ট।
