Published : 04 Jun 2026, 02:31 PM
ঢাকা প্রিমিয়ার লিগের শেষ পর্যায়ে এসে ঠিকানা পেলেন মুস্তাফিজুর রহমান। অভিজ্ঞ পেসার খেলবেন আবাহনী লিমিটেডের হয়ে। লেজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে শুক্রবারের গুরুত্বপূর্ণ ম্যাচেই আবাহনীর জার্সিতে মাঠে নামতে পারেন তিনি। গত আসরের চ্যাম্পিয়নদের হয়ে বৃহস্পতিবার দুপুরে অনুশীলন করার কথা তার।
অস্ট্রেলিয়া সিরিজের আগে লম্বা সময় প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে দূরে মুস্তাফিজ। সবশেষ গত ২৩ এপ্রিল চট্টগ্রামে নিউ জিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে খেলেছিলেন। ওই ম্যাচে শিকার করেছিলেন ৪৩ রানে ৫ উইকেট। জাতীয় দলের সিরিজের আগে ম্যাচ অনুশীলনের ঘাটতি কাটাতেই মূলত আবাহনীতে নাম লিখিয়েছেন এই বাঁহাতি পেসার।
মুস্তাফিজুর রহমানকে দলে নেওয়ার খবরটি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন আবাহনীর কোচ হান্নান সরকার।
“মুস্তাফিজ দলবদল সম্পন্ন করে আবাহনীতে যোগ দিয়েছে। কালকে (শুক্রবার) ম্যাচ খেলাব কি না, সেটা তো পরের সিদ্ধান্ত (হাসি)। আজকে (বৃহস্পতিবার) দুপুরে তিনটায় দলের সঙ্গে অনুশীলন করবে।”
ঢাকা লিগে বর্তমানে ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে আছে আবাহনী। সমান পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে প্রাইম ব্যাংক। শীর্ষে থাকা মোহামেডানের পয়েন্ট ১৪ পয়েন্ট।
লিগের শিরোপা ধরে রাখতে লেজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে জয়ের বিকল্প নেই আবাহনীর সামনে। এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মুস্তাফিজকে পেয়ে নিশ্চিতভাবেই শক্তি অনেকটা বেড়ে গেল তাদের।
এবার আবাহনীতে নাম লেখানো মুস্তাফিজ গত মৌসুমে খেলেছেন চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের হয়ে। সেবার দলটির জার্সিতে চার ম্যাচে পাঁচ উইকেট শিকার করেন তিনি।
সীমিত ওভারের ক্রিকেটে জাতীয় দলে স্বয়ংক্রিয় পছন্দ মুস্তাফিজ। তার একাদশে থাকাটা একরকম নিশ্চিতই থাকে। নিউ জিল্যান্ডের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে ডান হাঁটুর চোটে শেষ মুহূর্তে ছিটকে যান। পরে দ্বিতীয় ম্যাচেও খেলানো হয়নি তাকে।
শেষ পর্যন্ত চট্টগ্রামে তৃতীয় ওয়ানডেতে একাদশে তার জায়গা হয়। দলের সিরিজ জয়ের ম্যাচে গুরুত্বপূর্ণ অবদান রাখেন বল হাতে। পরে চোট শঙ্কা ও ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে তাকে রাখা হয়নি।
এর আগে পিএসএলেও ছিলেন তিনি চেনা রূপে। লাহোর কালান্দার্সের হয়ে পাঁচ ম্যাচে ছয় উইকেট শিকার করেন। পিএসএলের আগে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে তিন ম্যাচে শিকার করেন পাঁচ উইকেট।