১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

মাহিদুল-আমিনুল-নাঈমের দৃঢ়তায় হার এড়াল ইমার্জিং দল

সারাদিন ব‍্যাট করার চ‍্যালেঞ্জ জয়ে এই তিন জন রাখলেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

মাহিদুল-আমিনুল-নাঈমের দৃঢ়তায় হার এড়াল ইমার্জিং দল
প্রথম সেশনে দ্রুত ৫ উইকেট নিলেও বাংলাদেশ ইমার্জিং দলকে হারাতে পারেনি দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। ছবি: ক্রিকেট দক্ষিণ আফ্রিকা

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2026, 11:12 PM

Updated : 11 Sep 2026, 03:52 PM

পঞ্চম ব‍্যাটসম‍্যান হিসেবে চৌধুরি মোহাম্মদ রিজওয়ান ফেরার সময় বাংলাদেশ ইমার্জিং দল ছিল টালমাটাল অবস্থায়। দিনের তখনও বাকি ছিল দুই সেশনের বেশি সময়। হারের শঙ্কায় থাকা সফরকারীদের বাকিটা সময় টানেন মাহিদুল ইসলাম, আমিনুল ইসলাম ও নাঈম হাসান। তাদের দৃঢ়তায় দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে হার এড়ায় বাংলাদেশ। 

জয়ের জন‍্য ৪১১ রান তাড়ায় বুধবার চতুর্থ ও শেষ দিন ৬ উইকেটে ২৪৪ রান করে বাংলাদেশ। তাতে ড্র হয় দুই ইমার্জিং দলের প্রথম চার দিনের ম‍্যাচ। 

বিনা উইকেটে ১৫ রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশ। জয়ের জন‍্য সফরকারীদের প্রয়োজন ছিল আরও ৩৯৬ রান। 

শেষ দিনে এতো বড় লক্ষ‍্য তাড়া এমনিতেই কঠিন। সেখানে ৭০ রানে ৫ উইকেট হারানোর পর ম‍্যাচ বাঁচানোই হয়ে যায় অনেক বড় চ‍্যালেঞ্জ। 

দিনের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। তৃতীয় ওভারে ফেরেন শাহাদাত হোসেন। একটু পরে তাকে অনুসরণ করেন অধিনায়ক জাকির হাসান। টেস্ট খেলার অভিজ্ঞতা সম্পন্ন দুই ব‍্যাটসম‍্যানের দ্রুত বিদায়ে চাপে পড়ে যায় সফরকারীরা। 

থিতু হয়ে ফেরেন মাহফিজুল ইসলাম (৪১)। শূন‍্যতেই বিদায় নেন ইফতেখার হোসেন ইফতি (০) ও রিজওয়ান (০)। বাংলাদেশকে তখন চোখ রাঙাছিল বড় হারের শঙ্কা।

ষষ্ঠ উইকেটে প্রতিরোধ গড়েন মাহিদুল ও আমিনুল। ২৬৫ বলে তারা যোগ করেন ১০৫ রান। তাদের দৃঢ়তায় দ্বিতীয় সেশনে কোনো উইকেট হারায়নি বাংলাদেশ।   

তৃতীয় সেশনের শুরুর দিকে ভাঙে চমৎকার এই জুটি। ১৭৪ বলে ১২ চারে ৭৪ রান করে ফেরেন আমিনুল। বাকি সময়টা নাঈমকে নিয়ে কাটিয়ে দেন মাহিদুল। ১৪০ বলে তারা গড়েন ৬৯ রাানের জুটি। 

দুই বড় জুটিতে দলকে পথ দেখানো মাহিদুল ২০৮ বলে সাত চারে অপরাজিত থাকেন ৪৮ রানে। ৭৯ বলে সাত চারে ৪৯ রানে অপরাজিত ছিলেন নাঈম। 

সিরিজের দ্বিতীয় ও শেষ চারদিনের ম্যাচ শুরু হবে আগামী রোববার। 

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল প্রথম ইনিংস: ৫১৯/৫ ডিক্লে.

বাংলাদেশ ইমার্জিং দল প্রথম ইনিংস: ২৩৯/১০

দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল দ্বিতীয় ইনিংস: ১৩০/৪ ডিক্লে.

বাংলাদেশ ইমার্জিং দল দ্বিতীয় ইনিংস: (লক্ষ‍্য ৪১১) ৯৩ ওভারে ২৪৪/৬ (শাহাদাত ১৫, জাকির ১১, মাহফিজুল ৪১, ইফতেখার ০, মাহিদুল ৪৮*, রিজওয়ান ০, আমিনুল ৭৪, নাঈম ৪৯*; এনগেলব্রেখট ৪০-১৫-৭০-২, স্মিট ১৫-৫-৪১-২, মাজোলা ১৪-৩-৫৭-০, সিমিলেন ৯-০-৩৯-২, সেলেকা ১৩-৭-২৯-০, মানাক ২-০-৭-০)

ফল: ড্র