১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ব্রাভোর জার্সির ‘অবসর’

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ এবং ত্রিনিদাদ ও টোবাগোর ক্রিকেটে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ ডোয়াইন ব্রাভোর জার্সিটি অবসরে পাঠানো হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2026, 12:35 PM

Updated : 11 Sep 2026, 03:55 PM

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) দিয়ে দুই বছর আগে খেলোয়াড়ি জীবন থেকে অবসরে গেছেন ডোয়াইন ব্রাভো। এবার অবসরে যাচ্ছে এই টুর্নামেন্টে তার জার্সিও। সাবেক এই অলরাউন্ডারের প্রতি সম্মান দেখিয়ে তার ৪৭ নম্বর জার্সি তুলে রাখছে ত্রিনবাগো নাইট রাইডার্স।

ফুটবলে বা অন্য কিছু খেলার কিংবদন্তিদের প্রতি সম্মান জানিয়ে জার্সি অবসরে পাঠানোর রীতি বেশ দেখা গেলেও ক্রিকেটে এটা বিরলই বলা চলে। সিপিএলে এই প্রথম কোনো ক্রিকেটারের জার্সি অবসরে পাঠানো হলো। 

এই ফ্র্যাঞ্চাইজি, সিপিএল এবং ত্রিনিদাদ ও টোবাগোর ক্রিকেটে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ ব্রাভোকে এই সম্মান দেওয়া হয় বলে বিবৃতিতে বলা হয়েছে। জ্যামাইকা কিংসমেনের বিপক্ষে শনিবার ত্রিনবাগোর ম্যাচের আগে বিশেষ আয়োজনে নাইট রাইডার্স গ্রুপের প্রধান নির্বাহী ভেঙ্কি মাইশোরের কণ্ঠেও ফুটে উঠল ব্রাভোর প্রতি সেই সম্মান। 

“নাইট রাইডার্স এবং সিপিএলে ডোয়াইন ব্রাভোর অবদান পরিমাপ করা অসম্ভব। ৪৭ নম্বর জার্সি অবসর দেওয়ার মাধ্যমে আমরা নিশ্চিত করছি যে, তার কীর্তি চিরকাল এই ফ্র্যাঞ্চাইজির অংশ হয়ে থাকবে। সিপিএলের ইতিহাসে প্রথম এই সম্মান পাওয়ার জন্য তার চেয়ে যোগ্য আর কেউ হতে পারে না।”

সিপিএলে ১১ মৌসুমের ৯টিতেই ত্রিনবাগোর হয়ে খেলেছেন ব্রাভো, শিরোপা জিতেছেন ৫টি। দুবার চ্যাম্পিয়ন হয়েছেন অধিনায়ক হিসেবে। বর্তমানে তিনি এই দলের প্রধান কোচ। নাইট রাইডার্স গ্রুপের সঙ্গেও তার সম্পর্ক নিবিড়।

ফ্র্যাঞ্চাইজির প্রকাশিত একটি ভিডিওতে ব্রাভোর প্রতি কৃতজ্ঞতা জানান দলের বর্তমান অধিনায়ক নিকোলাস পুরান। 

“অনুপ্রেরণা এবং রোল মডেল হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকে আমাদের পাশে পেয়ে আমরা সত্যিই খুব খুশি। বড় ভাইয়ের মতো হওয়ার জন্য ধন্যবাদ। মাঝে মাঝে আমাদের জন্য পিতৃতুল্য হওয়ার জন্য ধন্যবাদ। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমার জীবনে অনুপ্রেরণা হয়ে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।”

পরবর্তী অনেক প্রজন্মের পথ তৈরি করে দেওয়ার জন্য ব্রাভোকে কৃতত্ব দেন টি-টোয়েন্টি ক্রিকেট ও সিপিএলের আরেক কিংবদন্তি সুনিল নারাইন।  

“আমার মনে হয়, আপনি অনেক তরুণ ক্রিকেটারের জন্য পথ তৈরি করে দিয়েছেন। আপনি যেভাবে নিজের যত্ন নেন, আপনার প্রাণশক্তি এবং সবকিছুতে সবসময় জেতার যে আকাঙ্ক্ষা, তা প্রেরণাদায়ী।”

খেলার মাঠে ব্রাভোর দীর্ঘদিনের সঙ্গী ও মাঠের বাইরে প্রিয় বন্ধু কাইরন পোলার্ড তুলে ধরলেন আরও বেশ কিছু দিক।

“ব্যক্তিগতভাবে আমার জন্য তুমি যা কিছু করেছো, সেজন্য ধন্যবাদ। আমরা যে একটি অপ্রতিরোধ্য শক্তি হিসেবে একত্রিত হচ্ছি, সেই কারণেও ধন্যবাদ। তুমি সবসময় বলতে যে, আমরা চ্যাম্পিয়নশিপ ও ম্যাচ জিততে পারব এবং এমন একটি পরিবেশ তৈরি করতে পারব, যেখানে মানুষ আনন্দ উপভোগ করবে।”