Published : 29 Jul 2026, 09:49 PM
ঝড়ের আভাস দিলেও, ইনিংস বড় করতে পারলেন না পারভেজ হোসেন। বড় শটের চেষ্টায় বোল্ড হয়ে ফিরে গেলেন লাহোর কালান্দার্সের বাঁহাতি এই ব্যাটসম্যান।
গ্লোবাল সুপার লিগে বুধবার স্যান ফ্রান্সিসকো ইউনিকর্নসের বিপক্ষে ৫ বলে ৯ রান করেন পারভেজ। তৃতীয় উইকেটে শায়ান জাহাঙ্গিরের সঙ্গে তিনি ৭ বলে গড়েন ২০ রানের জুটি।
ষোড়শ ওভারে পারভেজ ক্রিজে যাওয়ার সময় লাহোরের রান রেট ছিল সাতের একটু উপরে। পরিস্থিতির দাবি মেটাতে আগ্রাসী মেজাজে ব্যাট করেন তিনি।
প্রথম বলে সিঙ্গল নিয়ে যাত্রা শুরু করেন পারভেজ। ফ্যাবিয়ান অ্যালেনের পরের ওভারের প্রথম বল ব্যাটে খেলতে পারেননি তিনি, স্টাম্পের ওপর দিয়ে এবং উইকেটরক্ষককেও ফাঁকি দিয়ে বল চলে যায় সীমানার বাইরে।
পরের বল নিজের জোনেই পান পারভেজ। স্লগ সুইপ করে ৮৫ মিটারের ছক্কা হাঁকান তিনি।
বাঁহাতি স্পিনার অ্যালেনের পরের বলে টাইমিং করতে পারেননি পারভেজ, সীমানায় বল যাওয়ায় দৌড়ে নেন দুই রান। বেরিয়ে এসে খেলার চেষ্টায় এরপর বোল্ড হয়ে থামেন বাঁহাতি ব্যাটসম্যান। ভাঙে দ্রুত এগোনো জুটি।
শেষ ওভারে ক্রিজে যান শামীম হোসেন। পিটার সিডলের তৃতীয় বলে রিভার্স শটের চেষ্টায় ব্যাটে খেলতে পারেননি এই ব্যাটসম্যান। লেগ বাই থেকে আসে এক রান।
পরে আর স্ট্রাইক পাননি শামীম। শূন্য রানেই অপরাজিত থেকে যান তিনি।
শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫২ রান করে লাহোর।