Published : 31 May 2026, 11:18 PM
বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস দল পেয়েছেন লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল)। প্লেয়ার্স ড্রাফটের আগেই কিপার-ব্যাটসম্যানকে দলে নেওয়ার খবর জানিয়েছে গল গ্যালান্টস।
৩১ বছর বয়সী কিপার-ব্যাটসম্যান গলের দ্বিতীয় বিদেশি ক্রিকেটার।
এর আগে আইপিএল, সিপিএল, কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি খেলেছেন লিটন। করাচি কিংস দলে সুযোগ পেলেও চোটের জন্য পিএসএলে খেলতে পারেননি তিনি। এলপিএলে এর আগে ২০২৩ সালে খেলেন লিটন। সেবার গল টাইটান্সের হয়ে তিন ম্যাচে করেন ৩৪ রান।
আসন্ন আসরের জন্য এখন পর্যন্ত দল পেয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। সাবেক অধিনায়ক ও বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার সাকিব আল হাসান এবং অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ খেলবেন জাফনা কিংসের হয়ে।
শ্রীলঙ্কার এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ষষ্ঠ আসরের ড্রাফট হবে সোমবার। এর আগের দিন দল পেলেন লিটন। আগামী ১৭ জুলাই শুরু হবে এলপিএল। জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ নিজেদের শেষ ম্যাচ খেলবে ১৯ জুলাই।