১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ব্রুকের বিধ্বংসী সেঞ্চুরির পর বেকারের আগুনে বোলিংয়ে পুড়ল শ্রীলঙ্কা

প্রথম টি-টোয়েন্টিতে ২৫৪ রানের সংগ্রহ গড়ে ১১৯ রানের জয়ে সিরিজে এগিয়ে গেল ইংলিশরা।

ব্রুকের বিধ্বংসী সেঞ্চুরির পর বেকারের আগুনে বোলিংয়ে পুড়ল শ্রীলঙ্কা
ক্যারিয়ারের দ্বিতীয় টি-টোয়েন্টি সেঞ্চুরির দেখা পেলেন হ্যারি ব্রুক। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Sep 2026, 03:56 AM

Updated : 17 Sep 2026, 03:01 AM

ভারতের বিপক্ষে যেখানে শেষ করেছিলেন, ঠিক সেখান থেকেই যেন শ্রীলঙ্কার বিপক্ষে শুরু করলেন জস বাটলার ও হ্যারি ব্রুক। দুজন উপহার দিলেন দারুণ এক জুটিও। তাদের বিধ্বংসী দুটি ইনিংসে যেখানে পৌঁছাল ইংল্যান্ডের স্কোর, তার ধারেকাছে যেতে পারল না শ্রীলঙ্কা।

প্রথম টি-টোয়েন্টিতে ১১৯ রানের জয়ে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেল হ্যারি ব্রুকের দল।

এই সংস্করণে শ্রীলঙ্কার বিপক্ষে এই প্রথম একশ বা এর বেশি রানে জিতল ইংলিশরা এবং দুই দলের লড়াইয়ে এটি তাদের টানা ১৩তম জয়।

সাউথ্যাম্পটনে মঙ্গলবার ২০ ওভারে ইংল্যান্ড তোলে ৪ উইকেটে ২৫৪ রান।

এই মাঠেই নিজেদের আগের ম্যাচটিতে গত জুলাইয়ে ভারতের বিপক্ষে ইংল্যান্ড করেছিল ২৫৭। সেদিন বাটলার করেন ৬৪ বলে ১৩১, ব্রুক অপরাজিত থাকেন ৪৫ বলে ৯৫ রানে, দুজনের জুটিতে আসে ১০৩ বলে ২৩৩ রান।

এবার ব্রুক করেন সেঞ্চুরি। ক্যারিয়ারের দ্বিতীয় টি-টোয়েন্টি সেঞ্চুরিতে ১০ চার ও ছয় ছক্কায় ৪৯ বলে অপরাজিত ১১৪ রানের ইনিংসে ম্যাচ-সেরা ইংল্যান্ড অধিনায়ক।

আট চার ও তিন ছক্কায় ৪৪ বলে ৮০ রান করেন বাটলার। দুজনের দ্বিতীয় উইকেট জুটিতে আসে ৬০ বলে ১২৮ রান। 

উইকেট ছিল কিছুটা মন্থর, মাঝেমধ্যে থেমে আসছিল বল। রান তাড়ায় শুরু থেকে ধুঁকতে থাকা শ্রীলঙ্কা একপর্যায়ে ৭৬ রানে হারিয়ে ফেলে ৭ উইকেট। এক ওভার বাকি থাকতে অলআউট হয় তারা ১৩৫ রানে।

গত বছরের সেপ্টেম্বরে টি-টোয়েন্টি অভিষেকে আয়ারল্যান্ডের বিপক্ষে চার ওভারে ৫২ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন যিনি, সেই সনি বেকার এক বছর পর দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে দুর্দান্ত বোলিংয়ে চার ওভারে এক মেডেনে স্রেফ ১২ রান দিয়ে নিলেন ৩ উইকেট!

দ্বিতীয় উইকেটে ৬০ বলে ১২৮ রানের জুটি গড়েন হ্যারি ব্রুক ও জস বাটলার। ছবি: রয়টার্স

দ্বিতীয় উইকেটে ৬০ বলে ১২৮ রানের জুটি গড়েন হ্যারি ব্রুক ও জস বাটলার

টস হেরে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকে ইতিবাচক শুরু করেন অ্যানাইরিন ডোনাল্ড। প্রথম ওভারে পরপর ছক্কা ও চার মারেন তিনি। পরের ওভারে টানা চারটি চার মারেন বাটলার।

ডোনাল্ড টিকতে পারেননি। তাকে আউট করার পাশাপাশি তৃতীয় ওভারে কেবল ৫ রান দেন দুনিথ ওয়েলালাগে। বাঁহাতি এই স্পিনারের পরের ওভারে বয়ে যায় ঝড়। প্রথম পাঁচ বলে ৫ রান করা ব্রুক এই ওভারে তিনটি করে চার ও ছক্কায় তোলেন ৩০ রান!

ব্রুক ও বাটলারের ঝড়ো ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে ইংল্যান্ড করে ১ উইকেটে ৯০ রান। 

২৯ বলে ফিফটি করেন বাটলার। টানা দ্বিতীয় সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ত্রয়োদশ ওভারে ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে বোল্ড হন তিনি।

২০২৬ সালে ইংল্যান্ডের হয়ে প্রথম ১৪টি টি-টোয়েন্টি ইনিংসে বাটলার করতে পারেন কেবল ২১২ রান। সেখানে পরের দুই ইনিংসেই তিনি করলেন ২১১! 

রোহিত শার্মাকে (চার হাজার ২৩১ রান) ছাড়িয়ে এই সংস্করণে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দুই নম্বরে উঠলেন বাটলার (চার হাজার ২৯২ রান)। চূড়ায় আছেন বাবর আজম (চার হাজার ৫৯৬ রান)।

চার নম্বরে নেমে টম ব্যান্টন ভালো করতে পারেননি (১০ বলে ১০)। ব্রুক চালিয়ে যান আগ্রাসী ব্যাটিং। ১৭তম ওভারে ৮২ থেকে দাসুন শানাকাকে পরপর ছক্কা ও চারে নব্বইয়ের ঘরে পৌঁছান তিনি। পরের ওভারে ৯৯ থেকে দুই রান নেওয়ার পথে সেঞ্চুরি পূর্ণ করেন ৪২ বলে।

এক বছর পর ফেরার ম্যাচে অসাধারণ বোলিং করলেন সনি বেকার। ছবি: রয়টার্স

এক বছর পর ফেরার ম্যাচে অসাধারণ বোলিং করলেন সনি বেকার

ইংল্যান্ডের হয়ে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরি এটি। ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে ৪২ বলে তিন অঙ্ক ছুঁয়েছিলেন লিয়াম লিভিংস্টোনও। আর গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৯ বলে সেঞ্চুরি করে রেকর্ড গড়েন ফিল সল্ট।

দুই ছক্কায় ১২ বলে ১৭ রান করেন উইল জ্যাকস।

হাসারাঙ্গা ছাড়া শ্রীলঙ্কার বাকি বোলাররা ওভারপ্রতি রান দেন দশের বেশি।

রান তাড়ায় কোনোরকম আশাই জাগাতে পারেনি শ্রীলঙ্কা। পাওয়ার প্লের মধ্যে বিদায় নেন টপ অর্ডারের তিন ব্যাটসম্যান পাথুম নিসাঙ্কা, কামিল মিশারা ও লাহিরু উদারা।

একই ওভারে গতিময় ডেলিভারিতে মিশারাকে বোল্ড করার পর উদারাকেও বিদায় করেন বেকার। পাওয়ার প্লেতে ২৩ বছর বয়সী এই ফাস্ট বোলারের বোলিং ফিগার ৩-১-৯-২!

শ্রীলঙ্কা অধিনায়ক চারিথ আসালাঙ্কাও টিকতে পারেননি বেশিক্ষণ। কদিন আগে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে রেকর্ড ৩৯ বলে সেঞ্চুরি করে আসা শানাকা এখানে আদিল রাশিদকে টানা দুটি ছক্কা মেরে পরের বলেই বিদায় নেন ২৪ রান করে।

কামিন্দু মেন্ডিস ও হাসারাঙ্গার দ্রুত বিদায়ে ১২ ওভারে শ্রীলঙ্কার স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ৭৬। 

তখন একশ হওয়া নিয়েই শঙ্কা। ওয়েলালাগের (২১ বলে ৩৩) ও ইহসান মালিঙ্গার (৫ বলে ১৩*) ক্যামিওতে ১৩৫ পর্যন্ত যেতে পারে লঙ্কানরা। 

আগামী বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচ হবে কার্ডিফে।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড: ২০ ওভারে ২৫৪/৪ (বাটলার ৮০, ডোনাল্ড ১২, ব্রুক ১১৪*, ব্যান্টন ১০, জ্যাকস ২১; থিকশানা ২-০-২৭-০, চামিরা ৪-০-৫৩-১, ওয়েলালাগে ৩-০-৫১-১, মালিঙ্গা ৪-০-৪১-১, হাসারাঙ্গা ৪-০-৩৪-১, শানাকা ৩-০-৪২-০)

শ্রীলঙ্কা: ১৯ ওভারে ১৩৫ (নিসাঙ্কা ১২, মিশারা ১০, উদারা ৫, আসালাঙ্কা ১০, শানাকা ২৪, কামিন্দু মেন্ডিস ২, হাসারাঙ্গা ৪, ওয়েলালাগে ৩৩, থিকশানা ৪, চামিরা ৮, মালিঙ্গা ১৩*; বেকার ৪-১-১২-২, টাং ৪-০-২৫-১, জ্যাকস ২-০-২১-১, ডসন ৩-০-২৩-২, রাশিদ ৩-০-৩১-১, ওভারটন ৩-০-২০-২)

ফল: ইংল্যান্ড ১১৯ রানে জয়ী

সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ইংল্যান্ড ১-০তে এগিয়ে

ম্যান অব দা ম্যাচ: হ্যারি ব্রুক