Published : 20 Mar 2026, 01:10 PM
টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর কাঠগড়ায় তোলা হয়েছে পাকিস্তানের অধিনাক সালমান আলি আগাকে। তার নেতৃত্ব, তার পারফরম্যানস, সবকিছু নিয়েই কাটাছেঁড়া চলছে। নেতৃত্বে পরিবর্তনে ডাক উঠেছে পাকিস্তানের ক্রিকেটে। তার বদলে শাহিন শাহ আফ্রিদিকে অধিনায়ক করা হবে বলেও খবর এসেছে সংবাদমাধ্যমে। এই খবরে আবার বেজায় চটেছেন রাশিদ লাতিফ। পাকিস্তানের সাবেক অধিনায়কের মতে, আফ্রিদি তো দলে থাকারই যোগ্য নন!
আফ্রিদিকে পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক করা হয়েছিল ২০২৪ সালের শুরুতে। তবে নিউ জিল্যান্ডের বিপক্ষে একটি সিরিজ দিয়েই শেষ হয় তার দায়িত্ব। এখন তিনি পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক। তবে সেখানেও সমালোচনার শিকার হচ্ছেন বেশ। সম্প্রতি তার নেতৃত্বে বাংলাদেশ থেকে সিরিজ হেরে ফিরিছে পাকিস্তান।
টি-টোয়েন্টিতে একসময় পাকিস্তান তো বটেই, বিশ্ব ক্রিকেটেরই সেরা বোলারদের একজন ছিলেন আফ্রিদি। তবে তার সেই ধার ও ধারাবাহিকতা হারিয়ে গেছে বেশ অনেক দিন ধরেই। এবারের বিশ্বকাপেও নিজের সেরা চেহারায় ছিলেন না তিনি।
নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষে তিনি ছিলেন খরুচে। ভারতের বিপক্ষে ২ ওভারে ৩১ রান দেওয়ার পর একাদশেই জায়গা হারান। পরে দলে ফিরে ইংল্যান্ডের বিপক্ষে ৪ উইকেট নিলেও শেষ দিকে ছিলেন খরুচে। শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষেও রান দিয়েছেন অকাতরে।
এমন একজনকে দলের অধিনায়ক করার আলোচনা চলছে, সেটি মানতেই পারছেন না সাবেক কিপার-ব্যাটার লাতিফ।
“বিশ্বকাপে দলের ব্যর্থতার পর এখন লোকে বলছে, শাহিনকে টি-টোয়েন্টির অধিনায়ক করা হোক। আরে অধিনায়ক তো দূরের কথা, সে তো দলে থাকারই যোগ্য নয়। তার দলে থাকাই উচিত নয়।”
“হ্যাঁ, একটা সময় ছিল, যখন তাকে অধিনায়ক করা যেত। এখন তো দলে জায়গাই প্রাপ্য নয় তার। অনেকেই এখন প্রচারণা চালাচ্ছে, তাকে ওয়ানডের বদলে টি-টোয়েন্টি অধিনায়ক করা হোক। কিন্তু আমি টি-টোয়েন্টি দলে তার জায়গাই দেখি না। তার সময় শেষ।”
আপাতত আফ্রিদির নেতৃত্বের পরীক্ষা হবে পাকিস্তান সুপার লিগে। আগামী বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া আসরে তিনি নেতৃত্ব দেবেন লাহোর কালান্দার্সকে।