Published : 26 Apr 2026, 10:18 PM
শুরুটা ‘উইকেট মেডেন’ ওভার দিয়ে। পরে আরও চারটি শিকার ধরলেন মহসিন খান। চমৎকার বোলিংয়ে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিংয়ে ধস নামিয়ে পাঁচ উইকেট নিলেন লাক্ষ্ণৌ সুপার জায়ান্টসের ভারতীয় পেসার।
লাক্ষ্ণৌয়ে রোববার চার ওভারে স্রেফ ২৩ রান দিয়ে পাঁচ উইকেট নেন মহসিন। স্বীকৃত টি-টোয়েন্টিতে প্রথমবার এই স্বাদ পেলেন তিনি। পেশাদার ক্যারিয়ারে পাঁচ উইকেট পেয়েছেন আর একবার, লিস্ট ‘এ’ ক্রিকেটে।
লাক্ষ্ণৌর হয়ে ম্যাচে পাঁচ উইকেট নেওয়া তৃতীয় বোলার মহসিন। ২০২৩ সালে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ১৪ রানে পাঁচ শিকার ধরেছিলেন ইংলিশ পেসার মার্ক উড। পরের বছর ৩০ রান খরচায় পাঁচ উইকেট নিয়েছিলেন ভারতীয় পেসার ইয়াশ ঠাকুর।
আইপিএলে কলকাতার বিপক্ষে পাঁচ উইকেট নেওয়া তৃতীয় বোলারও ২৭ বছর বয়সী মহসিন। ২০২২ সালে জাসপ্রিত বুমরাহ ও ইউজবেন্দ্র চেহেল দলটির বিপক্ষে পেয়েছিলেন এই স্বাদ।
ম্যাচের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে দুর্দান্ত শুরু করেন মহসিন। তৃতীয় ডেলিভারিতে লেগ বাই থেকে একটি সিঙ্গল ছাড়া ওই ওভারে আর কোনো রান আসেনি। ষষ্ঠ বলে উইকেট নিয়ে চমৎকার ওভারকে যেন পূর্ণতা দেন তিনি। তাকে উড়িয়ে মারার চেষ্টায় কাভারে ধরা পড়েন টিম সাইফার্ট।
পরের ওভারে একটি বাউন্ডারি হজম করা মহসিন মোট আট রান দেন। তবে এবারও দলকে সাফল্য এনে দেন তিনি। লেগ সাইডে খেলার চেষ্টায় উপরে তুলে দেন আজিঙ্কা রাহানে, লং-অফে ক্যাচ নেন এইডেন মার্করাম।
পাওয়ার প্লে শেষে ফের বল হাতে পেয়ে প্রথম বলেই উইকেটের দেখা পান মহসিন। শর্ট বলে কিপারের গ্লাভসে ধরা পড়েন রভম্যান পাওয়েল। ওভারটিতে ছয় রান খরচ করেন মহসিন।
কোটার শেষ ওভারটি করতে আসেন মহসিন একাদশ ওভারে। দ্বিতীয় বলে ক্যামেরন গ্রিন তাকে ছক্কায় ওড়ান। প্রতিশোধ নিতে দেরি করেননি মহসিন। পঞ্চম বলে অস্ট্রেলিয়ান অলরাউন্ডারকে কট বিহাইন্ড করে দেন তিনি। আর ওভারের শেষ বলে আনকুল রয়কে ফিরিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন বাঁহাতি পেসার।
মহসিনের ছোবলে এলোমেলো হয়ে যাওয়া কলকাতাকে লড়ার মতো পুঁজি এনে দেন রিঙ্কু সিং। পাঁচটি ছক্কা ও সাতটি চারে ৫১ বলে ৮৩ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। পাঁচ ছক্কার চারটিই মারেন ইনিংসের শেষ ওভারে দিগ্বেশ রাঠিকে।
সঙ্গে গ্রিনের তিন ছক্কায় ৩৪ রানের ইনিংসে ৭ উইকেটে ১৫৫ রান করে কলকাতা।