১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

অসুস্থতায় মাঠের বাইরে নিসানকা

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলা হবে না লঙ্কান এই ওপেনারের, শঙ্কা আছে টি-টোয়েন্টি নিয়েও।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2024, 11:40 PM

Updated : 06 Jan 2024, 12:00 AM

সিরিজ শুরুর আগের দিন পাথুম নিসানকাকে হারাল শ্রীলঙ্কা। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে খেলা হবে না এই ওপেনারের। শঙ্কা সত্যি করে তিনি ডেঙ্গুতে আক্রান্ত হলে হয়তো থাকবেন না টি-টোয়েন্টি সিরিজেও। 

লঙ্কান ক্রিকেট বোর্ড শুক্রবার এক বিবৃতিতে নিসানকার অসুস্থতার খবর জানিয়ে বলেছে, চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিসানকার জায়গায় ডাক পেয়েছেন ১৯ বছর বয়সী শেভন ড্যানিয়েল। তিনি দেশের হয়ে একটি টি-টোয়েন্টি খেলেছেন, এখনও ওয়ানডেতে অভিষেক হয়নি।

সবেশষ লিস্ট ‘এ’ ম্যাচেও পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলেছেন ড্যানিয়েল। তবুও জিম্বাবুয়ের বিপক্ষে খেলার নিশ্চয়তা নেই এই ওপেনারের। মূলত সম্ভাবনার কথা মাথায় রেখেই দলে নেওয়া হয়েছে তাকে। শনিবারের ম্যাচে ওপেনিংয়ে দেখা যেতে পারে আভিশকা ফার্নান্দো ও অধিনায়ক কুসাল মেন্ডিসকে।

দলের সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যানদের একজন নিসানকাকে হারানো শ্রীলঙ্কার জন্য বড় একটা ধাক্কাই। গত বছর ৪৪.২৬ গড় ও ৮৭ স্ট্রাইক রেটে ১ হাজার ১৫১ রান করেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ সফল এই ওপেনার, চার ইনিংসে ব্যাট করে দেশটির বিপক্ষে তার গড় ৮২.৩৩।

তিনটি ওয়ানডেই হবে খেত্তারামায়। পরে তিনটি টি-টোয়েন্টিও হবে একই ভেন্যুতে।