Published : 03 Jun 2026, 10:04 PM
২০ ওভারের ক্রিকেটে আলো ছড়ানো রহস্য স্পিনার আলিস আল ইসলামকে ৫০ ওভারের ক্রিকেটে দেখতে চান নির্বাচকরা। পেস বোলিংয়ে আরও বিকল্প তৈরি করতে তরুণ পেসার রোহানাত উদ দৌলা বর্ষণকে পরীক্ষা করে নিতে চান তারা।
জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজে নিজেদের সামর্থ্য দেখানোর সুযোগ আলিস ও বর্ষণের সামনে। প্রথম দুই ম্যাচের বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলে আছেন ২৯ বছর বয়সী আলিস। তিন ম্যাচের দলেই ডাক পেয়েছেন ২১ বছর বয়সী পেসার বর্ষণ।
টি-টোয়েন্টি ক্রিকেটে বেশ সফল আলিস। ২০১৯ সালে এই সংস্করণে অভিষেক হয় তার, পরের বছর লিস্ট ‘এ’ ক্রিকেটে। ২০ ওভারের ম্যাচে ৫৮ ম্যাচে তিনি নিয়েছেন ৫৯ উইকেট। ছয় বছরে ৫০ ওভারের ক্রিকেটে ম্যাচ খেলেছেন কেবল ১৫টি, এর আটটিই চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে।
চলতি ঢাকা লিগে প্রাইম ব্যাংকের জার্সিতে ১২ গড়ে নিয়েছেন ২২ উইকেট। ওভারপ্রতি দিয়েছেন কেবল ৩.৯২ রান। লিস্ট ‘এ’ ক্রিকেটে দেশের মূল টুর্নামেন্টে এবার এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারী তিনিই। একবার নিয়েছেন পাঁচ উইকেট।
টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য আলিসের বোলিং বেশ মানানসই। ২০২৪ সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য জাতীয় দলে ডাকও পেয়েছিলেন তিনি। কিন্তু বিপিএলের ফাইনালে চোট পাওয়ায় শেষ পর্যন্ত ওই সিরিজে খেলতে পারেননি।
লম্বা সময় বাইরে থাকার পর গত ফেব্রুয়ারিতে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ দিয়ে মাঠে ফেরেন আলিস। ওই টুর্নামেন্টের পর এখন খেলছেন ঢাকা লিগে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নির্বাচক নাদিফ চৌধুরি বললেন, আলিসকে ৫০ ওভারের ক্রিকেটে এখন পরখ করে নেওয়ার সময় এসেছে।
“প্রিমিয়ার লিগে তো দেখছেনই, ভালো করছে। এখন জিম্বাবুয়ে (‘এ’ দল) আসছে, এই সময় একটা সুযোগ দেওয়া দরকার আমাদের মনে হয়েছে। পরীক্ষা করে দেখি। বাইরের দলের বিপক্ষে তো খেলে নাই ওইভাবে। এখন দেখতে হবে কেমন করে। প্রিমিয়ার লিগ তো এই সংস্করণেই খেলছে।”
আলিসের মতো চোট খুব ভোগাচ্ছে বর্ষণকেও। ২০২৪ সালের ঢাকা লিগের পর মাঠের বাইরে ছিলেন তিনি। চোট কাটিয়ে প্রায় দুই বছর পর খেলায় ফিরে ভালো করছেন এই তরুণ পেসার। আবাহনীর জার্সিতে পাঁচ ম্যাচে নিয়েছেন ১০ উইকেট।
ম্যাচে পারফর্ম করার পাশাপাশি নেটেও নজর কেড়েছেন বর্ষণ। পেস বোলিংয়ে আরও বিকল্প তৈরি করতে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে তাকেও পরীক্ষা করার কথা বললেন নাদিফ।
“ওকে (বর্ষণ) প্রিমিয়ার লিগে কয়েকটা ম্যাচে দেখলাম, তারপরে নেটেও কয়েকদিন বোলিং করল। ওর সঙ্গে কথাও বলেছি। মনে হয়েছে ভালো। আর আমাদের হাতে খুব অপশন নাই।”