১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ এইচপি দলে সাব্বির ও শামীম

দুই ম্যাচের এই টি-টোয়েন্ট সিরিজের দলে জায়গা পেয়েছেন আবু হায়দার রনি ও আব্দুল গাফফার সাকলাইনও।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2026, 06:17 PM

Updated : 11 Sep 2026, 03:47 PM

একজন জাতীয় দলের বাইরে আছেন অনেক দিন ধরে, আরেকজন জায়গা হারিয়েছেন সদ্য। তবে দুজনের ব্যাটিংয়ের ঘরানা একই এবং দুজনকেই মনে করা হয় টি-টোয়েন্টি ক্রিকেটের উপযোগী। দুই যুগের দুই আগ্রাসী ব্যাটসম্যান সাব্বির রহমান ও শামীম হোসেন ফেরার দাবি জানানোর মঞ্চ পাচ্ছেন একই সঙ্গে। দুজনই সুযোগ পেয়েছেন বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলে।

মালেয়েশিয়া জাতীয় দলের বিপক্ষে দুই ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজটি খেলবে বাংলাদেশ এইচপি দল। আগামী শনিবার ও সোমবার ম্যাচ দুটি হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। 

একসময় এইচপি স্কোয়াড মূলত উঠতি ক্রিকেটারদের নিয়ে গড়া হলেও সম্প্রতি সেই ধরন পাল্টে ফেলা হয়েছে। সম্ভাবনাময়দের পাশাপাশি জাতীয় দলের আশেপাশে থাকা ক্রিকেটারদের নিয়ে বছরব্যাপী চলবে এইচপির কার্যক্রম। ১৫ সদস্যের এই দলেও পড়েছে সেটিরই প্রতিফলন। সাব্বির ও শামীম যেমন আছেন, তেমনি সদ্য বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি খেলা আব্দুল গাফফার সাকলাইনকে রাখা হয়েছে, আবার সুযোগ পেয়েছেন প্রায় ৮ বছর ধরে জাতীয় দলের বাইরে থাকা অলরাউন্ডার আবু হায়দার রনি।

তরুণ দুই আগ্রাসী টপ অর্ডার জিসান আলম ও জাওয়ার আববার সুযোগ পাচ্ছেন তাদের ব্যাটের ধার দেখাতে। দলকে নেতৃত্ব দেবেন স্পিনিং অলরাউন্ডার এসএম মেহরব। রহস্য স্পিনার মোহাম্মদ রুবেলও পেয়েছেন সুযোগ।

পেসার রাখা হয়েছে কেবল তিনজনই, সাকলাইন ও আবু হায়দারের সঙ্গী মৃত্যুঞ্জয় চৌধুরি।

টি-টোয়েন্টি সিরিজ শেষে একদিনের ম্যাচের একটি সিরিজও খেলবে মালেয়েশিয়া। সেই সিরিজে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। তিন ম্যাচের সিরিজটি হবে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্ষে আগামী ১২, ১৪ ও ১৬ অগাস্ট। 

মালেয়েশিয়া জাতীয় দলে আছেন একজন বাংলাদেশিও। খুলনার নাজমুস সাকিব ২০১৮ সালে জীবিকার তাগিদে গিয়েছিলেন মালেয়েশিয়ায়। সেখানে কাজের ফাঁকে ক্রিকেট খেলতে খেলতে একসময় মালেয়েশিয়া ‘এ’ দল হয়ে জাতীয় দলেও জায়গা করে নেন। ২৬ বছর বয়সী কিপার-ব্যাটার এখন খেলবেন জন্মভূমির বিপক্ষে। 

বাংলাদেশ এইচপি স্কোয়াড: 

এসএম মেহরব হাসান (অধিনায়ক), জিসান আলম, জাওয়াদ আবরার, সাব্বির রহমান, আরিফুল ইসলাম, শামীম হোসেন, মোহাম্মদ রুবেল, মৃত্যুঞ্জয় চৌধুরি, আব্দুল গাফফার সাকলাইন, আবু হায়দার রনি, স্বাধীন ইসলাম, রকিবুল হাসান, প্রিতম কুমার, মাহফুজুর রহমান রাব্বি, ইকবাল হোসেন। 

মালেয়েশিয়া স্কোয়াড: 

সৈয়দ আজিজ (অধিনায়ক), ভিজায় উন্নি, ভিরানদিপ সিং, সাইফ উল্লাহ, আহমাদ জুবাইদি, মুহাম্মাদ আমির আজিম, আরিফ উল্লাহ, আজাব খান, প্রাশান্ত মাধুকার, নাজমুস সাকিব, শারভিন মুনিয়াদি, আসলাম খান বিন মালিক, আহমেদ আকিল ওয়াহিদ, ভিশভারুবেন কুমার।