‘দল আগে ভালো ছিল, এখনও ভালো আছে’
ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশড হওয়ার পর আয়ারল্যান্ডের কাছে প্রথম ম্যাচে হারলেও দুর্ভাবনা দেখছেন না ব্যাটসম্যান তাওহিদ হৃদয়।
টি-টোয়েন্টিতে চলতি বছর বাংলাদেশের জয়ের চেয়ে পরাজয়ের পাল্লা এখন বেশি ভারি। তাওহিদ হৃদয় তবু উন্নতির ওজনই বেশি দেখছেন। তার চোখে দলটা এখন দারুণ থিতু। স্রেফ মোমেন্টাম ধরতে পারলেই দল আবার জয়ের ধারায় ফিরবে বলে বিশ্বাস বাংলাদেশের এই ব্যাটসম্যানের।
আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটি শুরুর আগে এ বছর বাংলাদেশের জয়-পরাজয় ছিল সমান ১৩টি করে। আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথমটি হেরে আপাতত এগিয়ে গেছে পরাজয়। বছরের শেষ সিরিজটি জেতা নিয়েও এখন সংশয় প্রবল।
এই বছর অবশ্য টানা চারটি সিরিজ জিতেছে বাংলাদেশ। সেসময় মনে হচ্ছিল, এই সংস্করণে উন্নতির গাফটা উর্ধ্বমুখী। কিন্তু সেই ভাবনায় বড় আঘাত হয়ে আসে গত মাসে ওয়েস্ট ইন্ডিজর বিপক্ষে হোয়াইটওয়াশড হওয়া। এরপর আইরিশদের বিপক্ষে সিরিজের শুরুটাও হলো বড় পরাজয় দিয়ে।
বিশ্বকাপের আগে এটিই বাংলাদেশের শেষ সিরিজ। এই সময়ে দলের এমন বিবর্ণ রূপ দেখে শঙ্কার জায়গা আছে বটে। তবে প্রবল আত্মবিশ্বাসী হৃদয় কোনো দুর্ভাবনার জায়গাই দেখছেন না।
“আমার কাছে এরকম মনে হয়নি (বিশ্বকাপের আগে শঙ্কা জাগছে)। দল তো ওয়েল সেট। আপনি যদি দেখেন, সব ক্রিকেটার গত এক বছরে অনেকগুলো ম্যাচ খেলেছে। সবাই পর্যাক্রমে খেলেছ ও ভালো খেলছে। সব ক্রিকেটার যদি সুরযাগ পায়, অবশ্যই কাজে লাগাবে আর প্রত্যেকটা ক্রিকেটার চায় যে, সুযোগ যখনই আসুক, সেটা যেন ভালোভাবে কাজে লাগাতে পারে।”
এই বছরের প্রথম ভাগটা বাংলাদেশের জন্য ছিল হতাশার। মে মাসে সংযুক্ত আরব আমিরাতের কাছে সিরিজ হারার পর পাকিস্তানে গিয়ে ৩-০ ব্যবধানে হেরে আসেন হৃদয়না। তবে এরপর শ্রীলঙ্কা, পাকিস্তান, নেদারল্যান্ডস ও আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে শোনা যাচ্ছিল নতুন দিনের গান। কিন্তু সেটি আপাতত মিইয়ে গেছে বলেই মনে হচ্ছে। টানা চারটি পরাজয়ের পর এখন দলকে নিয়ে উঠছে অনেক প্রশ্নও।
তবে হৃদয় এই হতাশার গভীরেই গেলেন না। দলকে তিনি উন্নতির একই সোপানেই দেখছেন।
“দলটা ভালো ছিল। এখনও ভালোই আছে। আমরা কখনও তো ভাবছি না যে আমাদের দল ‘ডাউন’ হয়ে গেছে। এই টি-টোয়েন্টি ফরম্যাটে আমরা তো টানা চারটা সিরিজ জিতেছি। এক-দুইটা সিরিজ বা তিন-চারটি ম্যাচ হতে পারে খারাপ। টি-টোয়েন্টি খেলাটা মোমেন্টামের খেলা। আমরা হেরেছি আজকে। আবার যখন দেখবেন যে, পরের ম্যাচ থেকে যদি জিততে শুরু করি, তাহলে আবার ধারাবাহিকভাবে চলতে থাকবে।”
