১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার অধিনায়ক বদল

চারিথ আসালাঙ্কার জায়গায় দায়িত্ব পেলেন দাসুন শানাকা।

বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার অধিনায়ক বদল
দাসুন শানাকা। ছবি: শ্রীলঙ্কা ক্রিকেট

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2025, 09:14 PM

Updated : 26 Aug 2026, 05:21 PM

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি অধিনায়কের পদ থেকে চারিথ আসালাঙ্কাকে সরিয়ে দেওয়া হয়েছে। আসন্ন বিশ্বকাপের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে দাসুন শানাকাকে।

বিশ্বকাপের জন্য শুক্রবার ২৫ জনের প্রাথমিক দল ঘোষণার সময় অধিনায়ক বদলের কথা জানান শ্রীলঙ্কার নতুন প্রধান নির্বাচক প্রামোদ্য উইক্রামাসিংহে।

উপুল থারাঙ্গার নেতৃত্বাধীন আগের নির্বাচক কমিটির মেয়াদ শেষ হয়েছে চলতি মাসে। বিশ্বকাপের জন্য আগের কমিটির বাছাই করা ২৫ জন খেলোয়াড়কে নিয়েই প্রাথমিক দল দেওয়া হয়েছে।

নেতৃত্ব হারালেও দলে আছেন আসালাঙ্কা। এই বছর জাতীয় দলের হয়ে তার টি-টোয়েন্টির ফর্ম যদিও ভালো নয়, ১২ ইনিংসে ১২২ স্ট্রাইক রেটে রান করতে পেরেছেন কেবল ১৫৬ রান।

২৮ বছর বয়সী এই স্পিনিং অলরাউন্ডার গত বছরের মাঝামাঝি থেকে অধিনায়কত্ব করে আসছিলেন। গত মাসে পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজের আগে অসুস্থতার কারণে তিনি দেশে ফেরায় দলকে নেতৃত্ব দেন শানাকা। এবার স্থায়ী অধিনায়ক হলেন ৩৪ বছর বয়সী এই পেস বোলিং অলরাউন্ডার। 

আগামী ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ৮ ফেব্রুয়ারি কলম্বোয় আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে লঙ্কানরা।