০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

দায়িত্ব নেওয়ার আগেই সম্পর্ক গড়তে ইংল্যান্ডে ফ্লেমিং

আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার সময় এখনও অনেকটা বাকি থাকলেও দল সংশ্লিষ্টদের সঙ্গে প্রাথমিক বন্ধন গড়ে তুলতে চান ইংল্যান্ডের নতুন টেস্ট কোচ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Sep 2026, 11:27 AM

Updated : 19 Sep 2026, 02:24 PM

আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিতে এখনও মাস তিনেক সময় বাকি। তবে আগেই কাজ শুরু করে দিয়েছেন স্টিভেন ফ্লেমিং। সংক্ষিপ্ত সফরে এখন তিনি ইংল্যান্ডে। শ্রীলঙ্কার বিপক্ষে চলতি টি-টোয়েন্টি সিরিজের সময় দলের সঙ্গে যোগ দেবেন ইংল্যান্ডের নতুন টেস্ট কোচ। তার এই সফরের মূল উদ্দেশ্য, কোচিং স্টাফের অন্যদের পাশাপাশি টিম ম্যানেজমেন্ট, অধিনায়ক ও দল সংশ্লিষ্টদের সঙ্গে প্রাথমিক বোঝাপড়া গড়ে তোলা।  

টেস্ট দলের দায়িত্ব থেকে ম্যাককালামকে সরিয়ে দেওয়ার পর সম্প্রতি নতুন কোচ হিসেবে ঘোষণা করা হয় ফ্লেমিংয়ের নাম। এর আগেই চেন্নাই সুপার কিংসের সঙ্গে ১৮ বছরের সম্পর্ক চুকিয়ে ফেলেন তিনি। তার কোচিংয়ে চেন্নাই ছিল আইপিএলের সফলতম দল। এসএ টোয়েন্টি ও মেজর লিগ ক্রিকেটেও একই ফ্র্যাঞ্চাইজির দলের দায়িত্বে ছিলেন তিনি। এখন ইংল্যান্ডের সঙ্গে তার চুক্তি চার বছরের। 

তবে পাকিস্তানের বিপক্ষে সদস্য সমাপ্ত সিরিজে ভারপ্রাপ্ত প্রধান কোচের কাজ চালান সহকারী কোচ মার্কাস ট্রেসকোথিক। ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফর থেকে শুরু হবে ফ্লেমিংয়ের দায়িত্ব।

এর আগেই দুই সপ্তাহের সফরে সোমবার ইংল্যান্ডে পৌঁছেছেন ফ্লেমিং। শ্রীলঙ্কার বিপক্ষে ইংলিশদের সীমিত ওভারের সিরিজ শুরু হচ্ছে মঙ্গলবার। এই সিরিজ চলার সময়ই দলের সঙ্গে যোগ দেবেন তিনি এবং সাপোর্ট স্টাফদের গুছিয়ে নেবেন। 

সীমিত ওভারের দলের কোচ ম্যাককালাম এমনিতেই ফ্লেমিংয়ের ঘনিষ্ঠ বন্ধু ও ব্যবসায়িক পার্টনার। দুজনের ভালো বোঝাপড়া আছেই। তবে একই দেশের ভিন্ন সংস্করণের কোচ হওয়ার ব্যাপারটি তো ভিন্ন। এবার দুজনের আলোচনায় যেমন প্রাধান্য পাবে ক্রিকেটারদের ব্যবস্থাপনা। বিভিন্ন সংস্করণেই খেলেন যে ক্রিকেটাররা, তাদেরকে নিয়ে পরিকল্পনা সাজাবেন দুজন। 

টেস্ট দলে সহ-অধিনায়ক এবং সীমিত ওভারের অধিনায়ক হ্যারি ব্রুকের সঙ্গেও আলোচনা করবেন ফ্লেমিং। লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে তাকে বিশ্রাম দিতে চেয়েছিলেন নির্বাচকরা। কিন্তু তিনি নিজ থেকেই খেলতে আগ্রহী হয়েছেন। 

টেস্ট অধিনায়ক জো রুটকে টি-টোয়েন্টিতে নেওয়া হয় না। তবে এখন দলের সঙ্গে না থাকলেও তার সঙ্গে আলাদা করে আলোচনা করবেন ফ্লেমিং। ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরের প্রাথমিক পরিকল্পনা শুরু হয়ে যাবে সেখান থেকেই। 

এছাড়াও ইংল্যান্ডের বোর্ডের শীর্ষ কর্তাদের সেঙ্গও দেখা করবেন ফ্লেমিং এবং বিভিন্ন কাউন্টি দল পরিদর্শন করবেন। সোমবার থেকেই সড়ক পথে একটি যাত্রা শুরু করেছেন নিউ জিল্যান্ডের সাবেক এই অধিনায়ক। এই পথচলায় তিনি বিভিন্ন জায়গায় পা রাখবেন, লাফবোরোতে বোর্ডে পারফরম্যান্স সেন্টার পরিদর্শনও অন্তর্ভুক্ত এর মধ্যে। ম্যাককালামের সঙ্গে তার দেখা হবে লঙ্কানদের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টির সময় ম্যানচেস্টারে। 

ম্যাককালামের সঙ্গে ফ্লেমিংয়ের বোঝাপড়া সামনের সময়টার জন্য খুবই জরুরি। লঙ্কানদের বিপক্ষে সিরিজ দিয়ে ইংল্যান্ডের আন্তর্জাতিক গ্রীষ্ম শেষ হবে। তবে সামনে তিন সংস্করণেই তাদের ব্যস্ত সূচি দেশের বাইরে। 

আগামী মাসে তারা ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তানে, যেখানে আরেক দল শ্রীলঙ্কা। এরপর অস্ট্রেলিয়ায সফরে আছে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি। ওই সফরের শেষ ম্যাচে এক সপ্তাহ পর দক্ষিণ আফ্রিকায সফরে ডারবানে শুরু হবে তিন দিনের প্রস্তুতি ম্যাচ। সেখানে ইংলিশরা খেলবে তিন ম্যাচের টেস্ট সিরিজ। এরপর সেখানে আছে তিনটি ওয়ানডে ম্যাচও।

ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে তারা খেলবে দুটি টেস্ট ম্যাচ। মার্চে অস্ট্রেলিয়া সফরে মেলবোর্নে আছে টেস্ট ক্রিকেটের দেড়শ বছর পূর্তি উপলক্ষে বিশেষ টেস্ট। সেজন্যই লাল ও সাদা বলের কোচ মিলে সম্ভাব্য ছক সাজিয়ে ফেলবেন, ক্রিকেটারদের কীভাবে খেলানো হবে, কাকে কখন বিশ্রাম দেওয়া হবে এবং সামগ্রিক পরিকল্পনা কেমন হবে। 

ম্যাককালাম নিজেও মুখিয়ে আছেন ফ্লেমিংয়ের সঙ্গে এই বৈঠকের জন্য।

“ফ্লেম আসার পর কোচিং কাঠামোয় যে বিভাজন হয়েছে, এটির মানে হলো আমাদের এখন আরও বেশি রসদ প্রয়োজন, কম নয়। তাই আগামী কিছুদিন এই বিষয়টি নিয়ে কাজ করতে হবে আমাদের। ফ্লেম এবং আমি আগামী কয়েক দিনের মধ্যে দেখা করব এবং আমরা সবকিছু একসাথে গুছিয়ে আনার চেষ্টা শুরু করব।”