পিএসএল
Published : 28 Jan 2026, 09:03 PM
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে কম ঝামেলায় জড়াননি জেসন গিলেস্পি। সেই তাকেই আবার দেখা যাবে এশিয়ার দেশটির ক্রিকেটে। অস্ট্রেলিয়ান সাবেক পেসারকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নতুন দুই ফ্র্যাঞ্চাইজির একটি হায়দরাবাদ।
হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজিটির মালিকপক্ষের অংশ কিংসমেন ক্রিকেট বুধবার বিষয়টি নিশ্চিত করেছে। নতুন দায়িত্বে পাকিস্তানে ফিরতে মুখিয়ে থাকার কথা ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোকে জানিয়েছেন গিলেস্পি।
ড্রাফট থেকে সরে এসে এবার নিলাম পদ্ধতিতে প্রবেশ করতে যাচ্ছে পিএসএল। পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের প্রথম নিলামে হায়দরাবাদের টেবিলে দেখা যাবে গিলেস্পিকেও। আগামী ১১ ফেব্রুয়ারি হবে নিলাম অনুষ্ঠান।
এক দশক ধরে অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করা গিলেস্পিকে ২০২৪ সালের এপ্রিলে দুই বছরের চুক্তিতে টেস্ট দলের কোচ হিসেবে নিয়োগ দেয় পাকিস্তান। কিন্তু অধারাবাহিক পারফরম্যান্স এবং অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মুখে আট মাসও টিকতে পারেননি তিনি।
এরপর পিসিবির সঙ্গে অনেক টানাপোড়েন চলে গিলেস্পির। পাকিস্তান ক্রিকেট নিয়ে নানা অভিযোগও করেন তিনি। এমনকি তার বকেয়া পরিশোধের দাবিও তুলেছিলেন অস্ট্রেলিয়ার জার্সিতে ৭১ টেস্ট, ৯৭ ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলা পেসার।
সেই সব ঝামেলার পরও পাকিস্তান ক্রিকেট নিয়ে নানা সময়ই কথা বলেন গিলেস্পি। এবার দেশটিতে নতুন দায়িত্বে ফিরতে যাচ্ছেন তিনি।
পিএসএলের আরেকটি দল ইসলামাবাদ ইউনাইটেডও নতুন মৌসুমের আগে কোচ নিয়োগ দিয়েছে। নিউ জিল্যান্ড ও অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার লুক রনকিকে দায়িত্ব দিয়েছে তারা।
ইসলামাবাদের হয়ে তিন মৌসুমে পিএসএল খেলেছিলেন রনকি। ২০১৮ সালে দলটির শিরোপা জয়ে রেখেছিলেন ভূমিকা। এই প্রতিযোগিতায় তার রান ৩১ ম্যাচে এক হাজার ২০, ফিফটি ১০টি। পিএসএলে কমপক্ষে এক হাজার রান করা ব্যাটসম্যানদের মধ্যে তার ১৬৬.১২ স্ট্রাইক রেট সর্বোচ্চ।