Published : 19 Aug 2025, 10:52 AM
দলের সঙ্গে মাঠে এলেন কাগিসো রাবাদা। কিন্তু গা গরমের সময় সতীর্থদের সঙ্গে দেখা গেল না তাকে। একটু পর এলো তার চোটের বার্তা। পেস আক্রমণের নেতাকে গোটা সিরিজেই পাবে না দক্ষিণ আফ্রিকা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন রাবাদা। কেয়ার্নসে মঙ্গলবার প্রথম ওয়ানডে শুরুর একটু আগে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা সামাজিক মাধ্যমে জানায়, অ্যাঙ্কেলের চোটে পড়েছেন ৩০ বছর বয়সী পেসার।
ওয়ানডে সিরিজের আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলেছেন রাবাদা। তবে কখন তিনি এই চোটে পড়েছেন, তা জানানো হয়নি ক্রিকেট দক্ষিণ আফ্রিকার বার্তায়। সোমবার স্ক্যান করিয়ে ধরা পড়ে তার চোট বেশ গুরুতর।
সিরিজ থেকে ছিটকে গেলেও দলের সঙ্গে অস্ট্রেলিয়াতেই থাকবেন ১৬৪ ওয়ানডে উইকেট শিকারি পেসার। দলের মেডিকেল স্টাফদের তত্ত্বাবধানে পুনবার্সন চলবে তার।
রাবাদার চোটের কারণে আগেই স্কোয়াডে যুক্ত করা হয়েছে কোয়েনা মাফাকাকে। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে ৩ ম্যাচে ৯ উইকেট শিকার করেছেন তিনি। ১৯ বছর বয়সী বাঁহাতি পেসার এখনও পর্যন্ত ২টি ওয়ানডে খেলে উইকেট নিয়েছেন ৫টি।
প্রথম ওয়ানডের একাদশে অবশ্য সুযোগ পাননি মাফাকা। এই ম্যাচে প্রোটিয়াদের পেস আক্রমণে নান্দ্রে বার্গার ও লুঙ্গি এনগিডির সঙ্গে আছেন পেস বোলিং অলরাউন্ডার ভিয়ান মুল্ডার।