১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সেরা প্রস্তুতি নিয়ে ইংল্যান্ডে যেতে চান বাংলাদেশ অধিনায়ক

বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানার বিশ্বাস, ইংল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ দলের স্কিলের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সেরা প্রস্তুতি নিয়ে ইংল্যান্ডে যেতে চান বাংলাদেশ অধিনায়ক
বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা। ছবি: বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2026, 10:03 PM

Updated : 11 Sep 2026, 03:43 PM

বিশ্বকাপে ভালো খেলার জন্যই ইংল্যান্ড সফরের সুযোগ এসেছে বলে মনে করেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা। এবার স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ভালো করতে সেরা প্রস্তুতি নিতে চান তিনি।

শুক্রবার নতুন কুড়ি স্পোর্টস ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পর, আগামী বছরের ইংল্যান্ড সফর নিয়ে নিজের ভাবনা জানান নিগার।

“সম্প্রতি আমরা ইংল্যান্ডে খেলে এসেছি এবং ওখানে ভালো করেছি। সেটার একটা প্রতিফলন তো অবশ্যই আছে।”

বৈশ্বিক টুর্নামেন্ট ছাড়া অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউ জিল্যান্ডের মতো দেশে খেলার সুযোগ হয় না বাংলাদেশের মেয়েদের। ইংল্যান্ডের মাটিতে প্রথমবার কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলার মধ্য দিয়ে সেই অপূর্ণতা এবার কিছুটা পূরণ হতে যাচ্ছে নিগার-মারুফাদের।

আগামী বছরের সেপ্টেম্বরে ইংল্যান্ড সফরে তারা তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে।

সম্প্রতি ইংল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই জয় পায় বাংলাদেশ। পাকিস্তান ও নেদারল্যান্ডসকে হারায় তারা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও দারুণ লড়াই করে দলটি।

অধিনায়কের বিশ্বাস, ইংল্যান্ডের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলা দলের সবার জন্য বড় সুযোগ। নিজেদের উন্নতিতে ইংল্যান্ডের পাশাপাশি অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডের মতো দেশে খেলার সুযোগও চান তিনি।

“এটা (ইংল্যান্ড সফর) আমাদের দলের জন্য অনেক বড় একটা সুযোগ হবে। কারণ, আমরা সবসময় চেয়েছি অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড বা ইংল্যান্ডের মতো জায়গায় গিয়ে খেলতে। কারণ সেখানে খেললে স্কিল অনেক বেশি উন্নত হয়।”

নিজেদের উন্নতিতে মনোযোগ দেওয়ার পাশাপাশি, ইংল্যান্ডে খেলার আগে সেরা প্রস্তুতি নিতে চান নিগার সুলতানা।

“যদি সেরা প্রস্তুতি নিয়ে যেতে পারি, তাহলে ভালো হবে। এখন এফটিপির অধীনে আমাদের প্রত্যেকটা সিরিজই গুরুত্বপূর্ণ। ওখান (ইংল্যান্ড সফর) থেকে যেন পয়েন্ট নিতে পারি, সেভাবে চিন্তা করতে হবে।”