Published : 28 Jan 2026, 11:14 AM
সিরিজ হোক বা টুর্নামেন্ট, টি-টোয়েন্টি ক্রিকেটে ভারত অপ্রতিরোধ্য। টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন তারা, র্যাঙ্কিংয়েও তাদের অবস্থান চূড়ায়। গত হয়েক বছরে ম্যাচের পর ম্যাচ, সিরিজের পর সিরিজে দুর্দান্ত পারফর্ম করেই প্রতিষ্ঠিত হয়েছে তাদের শ্রেষ্ঠত্ব। সেই পথচলায় নেপথ্য নায়কদের একজন রাহুল দ্রাবিড়ের মতে, এবারের বিশ্বকাপেও ভারত ফেভারিট হিসেবেই শুরু করবে।
গত বিশ্বকাপে ভারতের কোচের দায়িত্বে ছিলেন এই দ্রাবিড়ই। তার কোচিংয়ে ও রোহিত শার্মার নেতৃত্বে শিরোপা জিতেছিল দল। এরপর দলে পরিবর্তন এসেছে কিছু। দ্রাবিড় আর কোচের দায়িত্বে নেই। রোহিতে পাশাপাশি ভিরাট কোহলি, রাভিন্দ্রা জাদেজারা বিদায় জানিয়েছেন এই সংস্করণকে। কিন্তু ভারতের জয়রথ কেবল বেগবানই হয়েছে।
সেই ২০২৩ সালের অগাস্টে ওয়েস্ট ইন্ডিজে পাঁচ ম্যাচের সিরিজ হেরেছিল ভারত। অবিশ্বাস্য হলেও সত্যি, সিরিজ-টুর্নামেন্ট মিলিয়ে টানা ১৫ আসরে ব্যর্থতার স্বাদ তারা পায়নি। এর মধ্যে ১১টি দ্বিপাক্ষিক সিরিজে তারা জিতেছে, একটি ড্র করেছে। সোনা জিতেছে ২০২৩ এশিয়ান গেমসে, অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ২০২৪ বিশ্বকাপ ও ২০২৫ এশিয়া কাপে।
সেই সাফল্যযাত্রা এবারের বিশ্বকাপেও চলতে থাকবে বলেই মনে করেন দ্রাবিড়। তবে বেঙ্গালুরুতে রোহিত শার্মাকে নিয়ে একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে কিংবদন্তি এই ব্যাটসম্যান কিছুটা সতর্কও করে দিলেন দলকে।
“অন্য বেশির ভাগ দলের তুলনায় ভারত এখন ভিন্ন পর্যায়ের টি-টোয়েন্টি ক্রিকেট খেলছে। গত কয়েক বছরে তাদের সাফল্যের হার ৮০ শতাংশ। এই সংস্করণে যেভাবে উত্থান-পতন স্বাভাবিক ব্যাপার, সেখানে ভারতের এমন ধারাবাহিকতা অসাধারণ।”
“বিশ্বকাপেও তারা পরিষ্কার ফেভারিট হিসেবেই শুরু করবে এবং সেমি-ফাইনালে খেলবে। তবে নিজের সময়ের তিক্ত অভিজ্ঞতা থেকে জানি, একটি বাজে দিন আসতেই পারে এবং নির্দিষ্টি দিনে ভালো খেলা দলই জেতে। প্রতিপক্ষের কেউ একজন একটি ভালো ইনিংস খেলেই আপনাকে ছিটকে দিতে পারে।”
একটি দিনের তেতো অভিজ্ঞতা দ্রাবিড়ের ভালোই জানা। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সব ম্যাচ জিতে প্রতিপক্ষকে দুমড়ে-মুচড়ে ফাইনালে ওঠার পর আহমেদাবাদে লাখো দর্শকের সামনে অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে হেরে গিয়েছিল ভারত। দুর্দান্ত এই ইনিংস খেলে ভারতকে ডুবিয়েছিলেন ট্রাভিস হেড।