Published : 03 Mar 2026, 01:19 AM
মধ্যপ্রাচ্যে সামরিক সংঘাতের কারণে ইংল্যান্ড লায়ন্সের (‘এ’ দল) চলমান সংযুক্ত আরব আমিরাত সফর বাতিল করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আবু ধাবি থেকে ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের দেশে ফিরিয়ে আনার জন্য বোর্ড কাজ করছে বলে জানানো হয়েছে।
এই সফরে আবু ধাবিতে পাকিস্তান শাহিনসের (‘এ’ দল) বিপক্ষে সাদা বলের সিরিজ খেলছিল ইংল্যান্ড লায়ন্স। গত শনিবার বাতিল করা হয় দ্বিতীয় আনঅফিসিয়াল ওয়ানডে। পাঁচ ম্যাচের সিরিজটির বাকি তিন ম্যাচও বাতিল করার কথা সোমবার জানায় ইসিবি।
একই সঙ্গে আবু ধাবিতে ইংল্যান্ড নারী দলের আসন্ন ট্রেনিং ক্যাম্পও বাতিল করা হয়েছে। আগামী সপ্তাহে শুরু হওয়ার কথা ছিল এই ক্যাম্প। গত অক্টোবরে ওয়ানডে বিশ্বকাপের পর থেকে আর খেলেনি ইংল্যান্ড নারী দল। জুন-জুলাইয়ে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে এই ক্যাম্প করার কথা ছিল তাদের।
গত শনিবার সকালে ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পরে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা করে ইরান। এতে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের আকাশসীমা বন্ধ হয়ে যায়। এই অঞ্চলে এবং আরও অনেক দেশে বিমান ভ্রমণ ব্যাহত হচ্ছে।
আরব আমিরাতে আটকা পড়া ইংলিশ ক্রিকেটার জনি বেয়ারস্টো দেশে ফেরার জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে সাহায্য চেয়ে গত শনিবার পোস্ট করেন সামাজিক মাধ্যমে। বিশ্বের অনেক সংবাদমাধ্যমেই তখন বলা হয়েছিল, কোচিং স্টাফের সদস্য হিসেবে ইংল্যান্ড লায়ন্সের সঙ্গে আছেন বেয়ারস্টো। তবে সোমবার ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার পরিষ্কার করে দেন, পারিবার নিয়ে ছুটি কাটাতে গিয়ে দুবাইয়ে আটকা পড়েছেন তিনি।
“যারা লিখছেন যে, আমি ইংল্যান্ড লায়ন্স দলের সঙ্গে আছি... তা ঠিক নয়। দুবাইয়ে আমার পরিবারের সঙ্গে আছি... আমি নিশ্চিত, ইংল্যান্ড লায়ন্সের নিরাপত্তা কর্মীরা তাদের আবু ধাবি থেকে বের করে আনার জন্য যথাসাধ্য চেষ্টা করবে। আমার পরিবারকে নিরাপদ রাখতে এবং এখান থেকে বের হওয়ার চেষ্টা করছি আমি।”