Published : 11 Aug 2026, 12:56 AM
আগের ম্যাচে জয়ের নায়ক ছিলেন ৬ উইকেট নিয়ে। এবার বোলিংয়ের পাশাপাশি চাপের মুখে ব্যাট হাতেও আলো ছড়ালেন রাশিদ খান। এই তারকার অলরাউন্ড পারফরম্যান্সে আয়ারল্যান্ডকে হারিয়ে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে খেলা নিশ্চিত করল আফগানিস্তান।
সিরিজের তৃতীয় ওয়ানডেতে রেহমাত শাহর দলের জয় ৩ উইকেটে। বেলফাস্টে সোমবার ২০৭ রানের লক্ষ্য ৩১ বল হাতে রেখে ছুঁয়ে ফেলে আফগানরা।
বোলিংয়ে ১০ ওভারে ৪৪ রানে ৩ উইকেট শিকার করেন রাশিদ। আট নম্বরে ব্যাটিংয়ে নেমে চারটি চারে ৪৩ বলে ৩৭ রানের অপরাজিত ইনিংসে দলের জয় নিয়ে ফেরেন ২৭ বছর বয়সী লেগ স্পিনিং অলরাউন্ডার। টানা দ্বিতীয় ম্যাচে ‘ম্যান অব দা ম্যাচ’ তিনিই।
স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়া আগামী ৩০ সেপ্টেম্বরের ‘কাটঅফ’ তারিখের মধ্যে ওয়ানডে র্যাঙ্কিংয়ের অন্য শীর্ষ ৮ দল সরাসরি বিশ্বকাপে খেলবে। ৯১ রেটিং পয়েন্ট নিয়ে আফগানিস্তান আছে আট নম্বরেই।
স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়া আগামী ৩০ সেপ্টেম্বরের ‘কাটঅফ’ তারিখের মধ্যে ওয়ানডে র্যাঙ্কিংয়ের অন্য শীর্ষ ৮ দল সরাসরি বিশ্বকাপে খেলবে। ৯১ রেটিং পয়েন্ট নিয়ে আফগানিস্তান আছে আট নম্বরেই।
স্বাগতিক হিসেবে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেওয়া দক্ষিণ আফ্রিকা আছে র্যাঙ্কিংয়ের চার নম্বরে, জিম্বাবুয়ে ১১ নম্বরে। ৩০ সেপ্টেম্বরের মধ্যে দক্ষিণ আফ্রিকার আট নম্বরের নিচে নামার ও জিম্বাবুয়ের আট নম্বরের ওপরে ওঠার সুযোগ নেই বললেই চলে। সেক্ষেত্রে ৮৩ রেটিং নিয়ে ৯ নম্বরে থাকা বাংলাদেশ অবস্থান ধরে রাখলেও সরাসরি বিশ্বকাপে খেলতে পারবে। ১০ নম্বরে ওয়েস্ট ইন্ডিজের রেটিং ৭৭।
এ দিন টস হেরে ব্যাটিংয়ে নেমে এক পর্যায়ে ১২৮ রানে ৮ উইকেট হারিয়ে ফেলে আয়ারল্যান্ড। নবম উইকেটে জেয় মুন্ড্রা (৩১) ও গ্যাভিন হওইয়ের (৩৬) ৭৬ রানের জুটির সৌজন্যে দুইশ ছাড়াতে পারে স্বাগতিকরা।
রাশিদের মতো আরেক স্পিনার এএম গাজানফারও নেন ৩ উইকেট, ২৯ রান দিয়ে।
জবাবে পাঁচ ছক্কা ও দুই চারে ৭৭ বলে ৭১ রানের চমৎকার ইনিংসে আফগানিস্তানের ভিত গড়ে দেন ওপেনার রাহমানউল্লাহ গুরবাজ।
তবে মাঝে চাপে পড়ে যায় আফগানরা। ১৫৪ রানে তারা উইকেট হারিয়ে ফেলে ৬টি, ১৭৬ রানে ৭টি।
সেখান থেকে অষ্টম উইকেটে ইয়ামিন আহমাদজাইয়ের সঙ্গে ৩১ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে কাঙ্ক্ষিত ঠিকানায় নিয়ে যান রাশিদ। এই জুটিতে তার একার অবদানই ২৬।
পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে আফগানিস্তান। প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল।